জানুয়ারিতে স্থানীয় নির্বাচন করতে চায় ইসি

EC wants to hold local elections in January
অনলাইন ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন
জানুয়ারিতে স্থানীয় নির্বাচন করতে চায় ইসি
নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বচন করতে চায়।--সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বচন করতে চায়। নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘সরকারের কোনো চাপে নয়, নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা রয়েছে, সেজন্য সেসময় বাদ দিয়ে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছে নির্বাচন কমিশন।’

তিনি বলেন, ‘সরকারের সঙ্গে যোগাযোগ বিভিন্ন ধরনের। চিঠি চালাচালি এক রকম যোগাযোগ, সামনাসামনি সাক্ষাৎ আরেক রকম যোগাযোগ। কেউ কাউকে আনুষ্ঠানিকভাবে বলে না নির্বাচন কবে হবে, এমন নজির নেই।’

আগামী বছর কোনো কিছু বিঘ্ন না ঘটিয়ে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী বছরের রমজান মাস, ঈদ, এসএসসি, এইচএসসি পরীক্ষা আছে, সবই গুরুত্বপূর্ণ। এর মধ্যেই কোনো বিঘ্ন না ঘটিয়ে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য আদান প্রদান হয়। ইসি তথ্য চায়, মন্ত্রণালয় তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতেই আগায় ইসি। অনেকে অনেক কথা বলে। কিন্তু নির্বাচন কমিশন আইনের বাইরে যায় না, সংবিধানের বাইরে যায় না।’

স্থানীয় সরকার নির্বাচনের নভেম্বরের রোডম্যাপ পেছানোর বিষয়ে তিনি বলেন, ‘সরকারের কোনো চাপে নয়, বাস্তব প্রেক্ষিতে শিক্ষার্থীদের পড়াশোনায় যেন বিঘ্ন না ঘটে সেজন্যই স্থানীয় সরকার নির্বাচনের নভেম্বরের রোডম্যাপ থেকে পিছিয়েছে ইসি।’

এসময় তিনি জানান, নির্বাচনের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।