রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
রাজশাহী মহানগরীতে বাকবিতণ্ডার জেরে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পূর্বে তার ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী বাকির মোড় এলাকার বদরুল সরকারের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আবদুল বারীর দোকানে টাকা ভাঙাতে আসে। বারী টাকা ভাঙতি দিতে না পারায় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।
এর জের ধরে রাত পৌনে ২টার দিকে দেশীয় অস্ত্র ও পেট্রলবোমাসহ প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটি সংঘবদ্ধ দল বারীর দোকানের সামনে এসে তাণ্ডব চালায়। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারী ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
হামলাকারীরা চলে গেলে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত কাউকে আটক করা না গেলেও জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান এবং এজাহার পাওয়ার পর আইনগত পদক্ষেপ আরও জোরদার করা হবে।