পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় রোধে সচেতনতামূলক সভা
নওগাঁর পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও সামাজিক নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কৃষ্ণপুর এলাকার কৃষ্ণবল্লভ ফুটবল মাঠে এ সভার আয়োজন করা হয়।
SIL International Bangladesh-এর নওগাঁ এলাকার এরিয়া ম্যানেজার রিন্টু বেনেডিক মার্ডীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।
বিশেষ অতিথি ছিলেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক এবং নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলমগীর হোসেন।
সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সদস্য মিলন মার্ডী, জাতীয় আদিবাসী পরিষদের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবোধ উরাঁওসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, মাদকের বিস্তার, বাল্যবিবাহ ও সামাজিক নৈতিক অবক্ষয় তরুণ প্রজন্ম ও সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা প্রতিরোধে শুধু প্রশাসনিক বা আইনি পদক্ষেপ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, যুবসমাজ, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিফাত আরা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার ও সমাজের প্রত্যেক সদস্যের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, মাদকের ভয়াবহতা এবং সামাজিক মূল্যবোধ রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
পরে SIL International Bangladesh-এর উদ্যোগে উপস্থিত ব্যক্তিদের শপথ পাঠ করানো হয়। শপথে আদিবাসী যুবসমাজসহ উপস্থিত সবাইকে মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।আয়োজকেরা জানান, Wycliffe Switzerland-এর অর্থায়নে এবং SIL International Bangladesh-এর বাস্তবায়নে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।