এক বছর পর টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে ফিরল রুয়েট

RUET returns to Times Higher Education rankings after a year
রুয়েট প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৪:২০ অপরাহ্ন সারা বাংলা
রুয়েট প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৪:২০ অপরাহ্ন
এক বছর পর টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে ফিরল রুয়েট
ছবি - বিজয় বাংলা

এক বছর তালিকার বাইরে থাকার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং ‘টাইমস হায়ার এডুকেশন (দ্য) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস’-এ আবারও জায়গা করে নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২৭-এর তালিকায় এক বছর বিরতির পর রুয়েটকে ১৪০১–১৬০০তম অবস্থানের ব্যান্ডে রাখা হয়েছে।


এবারের র‍্যাংকিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের মোট ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এ তালিকায় সারা বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় অবস্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে প্রিন্সটন ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।


উল্লেখ্য এর আগে দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস’ ২০২৫ এ রুয়েটের অবস্থান ছিল ১২০১–১৫০০ ব্যান্ডে। তবে ২০২৬ সালের র‍্যাংকিংয়ের তালিকা থেকে নাম হারায় উত্তরবঙ্গের এ প্রকৌশল প্রতিষ্ঠানটি। ফলে দীর্ঘ এক বছর তালিকার বাইরে থাকার পর ২০২৭ সালের র‍্যাংকিংয়ে আবারও জায়গা করে নেওয়া বিশ্ববিদ্যালয়টির জন্য হারানো সম্মান ফিরে পাওয়ার মতো।


তবে র‍্যাংকিংয়ে প্রত্যাবর্তন ঘটলেও ২০২৫ সালের তুলনায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান নিচের ব্যান্ডে রয়েছে। ২০২৫ সালে যেখানে ১২০১–১৫০০ ব্যান্ডে ছিল, তা এবার রয়েছে ১৪০১–১৬০০ ব্যান্ডে। এক্ষেত্রে দুই বছরের ফলাফল তুলনায় দ্য-এর র‍্যাংকিং পদ্ধতির পরিবর্তনও বিবেচনায় রাখা প্রয়োজন। এবছরের র‍্যাংকিংয়ে ৩০০তম অবস্থান পর্যন্ত পৃথক র‍্যাংক প্রকাশের পর বিভিন্ন ক্যাটাগরির ব্যান্ড ব্যবহার করা হয়েছে।


২০২৭ সালের (দ্য) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস এ বাংলাদেশ থেকে মোট ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে র‌্যাংকিং তালিকায়। এর মধ্যে ৮০১–১০০০ ব্যান্ডে রয়েছে এআইইউবি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। ১০০১–১২০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সাতটি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ১২০১–১৪০০ ব্যান্ডে রয়েছে চারটি বিশ্ববিদ্যালয়। আর ১৪০১–১৬০০ ব্যান্ডে রুয়েটের সঙ্গে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


এ র‍্যাংকিংয়ে অবস্থান করা বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা সহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় গুলোকে তালিকাভুক্ত করতে প্রতিষ্ঠানটির সর্বশেষ বিষয় ভিত্তিক তথ্যও প্রকাশিত হয়েছে। সে অনুযায়ী, ২০২৫ সালে রুয়েট ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স এ ৮০১–১০০০ এবং ফিজিক্যাল সায়েন্সেস এ ৬০১–৮০০ ব্যান্ডে ছিল।


এক বছর তালিকার বাইরে থাকার পর বিশ্বখ্যাত র‌্যাংকিং এ রুয়েটের পুনরায় অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক একাডেমিক উপস্থিতিকে আবারও সামনে এনেছে। তবে ২০২৫ সালের তুলনায় ২০২৭ সালে রুয়েটের অবস্থান নিচের ব্যান্ডে থাকায় ভবিষ্যৎ র‍্যাংকিংয়ে আরও ভালো অবস্থান নিশ্চিত করতে গবেষণা, শিক্ষাদান, আন্তর্জাতিক সহযোগিতা ও শিল্প-সম্পৃক্ততার মতো ক্ষেত্র গুলোতে অগ্রগতির গুরুত্বও সামনে এসেছে। সর্বশেষ র‍্যাংকিংয়ে পুনরায় জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে রুয়েটের উপস্থিতি বজায় থাকলেও সামনে আরও উন্নত অবস্থানে ওঠার সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।