নগরীর ১২৮ বছরের ঐতিহ্যবাহী মীরেরচক জামে মসজিদের নির্মাণাধীন নতুন ভবন বিষয়ে মতবিনিময় সভা
রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ১২৮ বছরের পুরোনো মীরেরচক জামে মসজিদের নির্মাণাধীন নতুন ভবন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুম্মা অস্থায়ী মীরেরচক জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় মসজিদের নতুন ভবন নির্মাণের অগ্রগতি পর্যালোচনা এবং নির্মাণকাজের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী মসজিদের উন্নয়নে সহযোগিতা কামনা করেন। এর প্রেক্ষিতে রাসিক প্রশাসক মীরের চক জামে মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় মীরেরচক জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মকলেসুর রহমান বকুলসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় রাসিকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ইশা ও মো. আফজালুল হোসেন তারেক, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত, নগর পরিকল্পনাবিদ বনি আহসান সহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।