বিজিবির অভিযানে চারঘাট সীমান্তে ভারতীয় মদ ও ইলেকট্রিক সামগ্রী উদ্ধার
সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনায় কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। এরই ধারাবাহিকতায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের ভারতীয় মদ ও ইলেকট্রিক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর ২০২৬) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চারঘাট সীমান্তে এই বিশেষ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) আওতাধীন চারঘাট, ইউসুফপুর এবং আলাইপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) আভিযানিক দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১০৫ বোতল ভারতীয় 'ক্যাপটেন' মদ এবং ৫২ বোতল ভারতীয় 'জেডি' মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।