শুটিং করতে গিয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী

Actress Priyanti Urbi
অনলাইন ডেস্ক ১৩ অক্টোবর ২০২৬ ০৩:২৫ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৩ অক্টোবর ২০২৬ ০৩:২৫ অপরাহ্ন
শুটিং করতে গিয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।--সংগৃহীত ছবি

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই সময়ের ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।

এতে নাকে গুরুতর আঘাত পান অভিনেত্রী।

ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন প্রিয়ন্তী উর্বী। সেখানে তিনি জানিয়েছেন, ঘটনাটি তার জন্য ছিল ভীষণ ভীতিকর ও যন্ত্রণাদায়ক।

তবে দুর্ঘটনার জন্য শুটিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কারও কোনো দোষ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রিয়ন্তী জানান, নাটকের একটি দৃশ্যে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হয়।

এ সময় অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। শুটিংয়ের মাঝখানে বেডটি ঝাঁকি খাওয়ায় ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক।

এ বিষয়ে প্রিয়ন্তী লেখেন, ‘গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর!’

অভিনেত্রী জানান, দুর্ঘটনার পর এক মুহূর্তের জন্য কিছু দেখতে পাচ্ছিলেন না, এমনকি কথা বলতেও পারছিলেন না। ব্যথাও ছিল অসহ্য। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং এক্স-রে করানো হয়। বর্তমানে ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তিনি।

তবে দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না প্রিয়ন্তী। তার ভাষ্য, সবাই নিজ নিজ দায়িত্ব ঠিকভাবেই পালন করছিলেন। এটি ছিল নিছক একটি দুর্ঘটনা। কিন্তু ঘটনাটি তার সঙ্গে ঘটেছে এবং সেই আঘাতের যন্ত্রণা বাস্তব।

নিজের শারীরিক অবস্থা জানিয়ে প্রিয়ন্তী আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আরও অনেক বড় কিছু হতে পারত। আমার নাক ভাঙেনি, তবে অনেক ফুলে গেছে। ছবিতে জুম করলে হয়তো বুঝতে পারবেন।’

দুর্ঘটনার পরও কাজে ফিরেছেন এই অভিনেত্রী। আঘাতের যন্ত্রণা নিয়েই আবার শুটিংয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

পোস্টে শুটিংয়ে কাজ করা ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রিয়ন্তী লেখেন, বিপদ কখনো বলে আসে না। সবাই সতর্ক থাকার পরও কখন, কীভাবে দুর্ঘটনা ঘটে যায়, তা আগে থেকে বলা সম্ভব নয়। আল্লাহ তাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করেছেন বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।