বদলগাছীতে বৃদ্ধার ঘরে চোরের ‘রাতের অভিযান’, খোয়া গেল সাড়ে ৩ লাখ টাকার সোনা

Thieves raid old woman's house at night in Badalgachhi
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ১৪ অক্টোবর ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ১৪ অক্টোবর ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন
বদলগাছীতে বৃদ্ধার ঘরে চোরের ‘রাতের অভিযান’, খোয়া গেল সাড়ে ৩ লাখ টাকার সোনা

নওগাঁর বদলগাছীতে জানালার লোহার অংশ ও কাঠের পাল্লা ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার প্রায় ১ ভরি ৬ আনা স্বর্ণালংকার ও একটি মুঠোফোন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।


বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।


ভুক্তভোগী নিলুফা আক্তার ওই গ্রামের মৃত আব্দুল সামাদের স্ত্রী।


চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে একটি সোনার চেন, এক জোড়া হাতের বালা, একটি আংটি, দুইটি কানের দুল ও একটি নকিয়া বাটন মুঠোফোন।


ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন নিলুফা আক্তার। রাত সাড়ে ৩টার দিকে ঘুম ভাঙলে ঘরের আসবাবপত্র ও জামাকাপড় এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। পরে জানালার লোহার অংশ ও কাঠের পাল্লা ভাঙা দেখতে পেয়ে আলমারি পরীক্ষা করেন। এ সময় আলমারিতে রাখা স্বর্ণালংকার ও আলমারির ওপরে রাখা মুঠোফোনটি খুঁজে পাননি তিনি।

নিলুফা আক্তার জানান, চুরি যাওয়া স্বর্ণালংকারের ওজন প্রায় ১ ভরি ৬ আনা। তবে এ ঘটনায় জড়িত কাউকে তিনি চিনতে পারেননি।


স্থানীয় বাসিন্দা ইব্রাহিম রহমান জানান, চুরির খবর পেয়ে রাতেই তিনি নিলুফা আক্তারের বাড়িতে যান। সেখানে গিয়ে ঘরের ভেতরে আলমারির পাল্লা ভাঙা এবং জামাকাপড় এলোমেলো অবস্থায় দেখতে পান। তাঁর ভাষ্য, চুরির ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।


বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রায় ১ ভরি ৬ আনা স্বর্ণালংকার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।