শিশুদের নিরাপত্তা ঝুঁকি

চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা

8 US states sue ChatGPT
অনলাইন ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ন
চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
--সংগৃহীত ছবি

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের ক্ষতির মুখে ফেলছে- এমন অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।


বুধবার (১৪ অক্টোবর) অ্যারিজোনা, আরকানসাস, আইডাহো, আইওয়া, কানসাস, মন্টানা, নেব্রাস্কা ও ওয়েস্ট ভার্জিনিয়া নিজ নিজ অঙ্গরাজ্যের আদালতে আলাদাভাবে মামলা করে।


মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, ব্যবহারকারীদের আস্থা অর্জনের জন্য চ্যাটজিপিটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি তাদের কথার সঙ্গে সহজে একমত হয় এবং দীর্ঘ সময় কথোপকথনে ধরে রাখে। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের বিভ্রান্তিকর ধারণা আরও জোরালো হয়েছে এবং নিজেদের বা অন্যদের ক্ষতি করার মতো বিপজ্জনক আচরণে উৎসাহ পাওয়ার অভিযোগ রয়েছে।


অঙ্গরাজ্যগুলোর দাবি, চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির কার্যক্রম জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে বলেও অভিযোগ করা হয়েছে।


আদালতের কাছে চ্যাটজিপিটির কার্যপদ্ধতিতে পরিবর্তন আনার নির্দেশ চেয়েছে অঙ্গরাজ্যগুলো। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে নিজে থেকে আরও উন্নত হতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি থেকেও ওপেনএআইকে বিরত রাখার আবেদন করা হয়েছে।


পাশাপাশি আর্থিক জরিমানা ও ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

ওপেনএআইয়ের মুখপাত্র ড্রিউ পুসাতেরি বলেছেন, কম বয়সী ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি আলাদা নিরাপত্তাব্যবস্থা চালু করেছে। এর মধ্যে অভিভাবকদের নিয়ন্ত্রণের সুযোগ, বিরতি নেওয়ার এবং বয়স অনুযায়ী সুরক্ষাব্যবস্থা রয়েছে।


তিনি বলেন, কোনো ব্যবস্থাই শতভাগ নিখুঁত নয়। বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।


এর আগে গত জুনে একই ধরনের অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিল ফ্লোরিডা। এ ছাড়া চ্যাটজিপিটির কারণে সহিংসতা বা আত্মক্ষতির ঘটনা ঘটেছে- এমন অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যক্তিগত পর্যায়েও বেশ কিছু মামলা চলছে।


তবে এসব অভিযোগের কোনোটি এখনো আদালতের চূড়ান্ত রায়ে ওপেনএআইয়ের দায় হিসেবে প্রতিষ্ঠিত হয়নি।


সূত্র: রয়টার্স