শতরানের জুটিতে ঘুরে দাঁড়াল জিম্বাবুয়ে
২৪ রানে ৩ উইকেট তুলে শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে বড় জুটি গড়ে ম্যাচে ফিরেছে রোডেশিয়ানরা। দুই অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছে তারা।
২৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান।
বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারটি উইকেট-মেইডেন করেন এই ডানহাতি পেসার। ওভারের শেষ বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে করেছিলেন তাসকিন। গুড লেংথ থেকে ইনসুইং করে ব্রায়ান বেনেটের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল চলে যায় উইকেটকিপারের হাতে। শুরুতেই ক্যাচের আবেদন করলে আউট দেন আম্পায়ার। কিন্তু রিভিউতে দেখা যায় ব্যাট স্পর্শ করেনি বল। তবে বল ব্যাটারের পায়ে লাগে এবং লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
আরেক ওপেনার বেন কারানকেও ফেরান তাসকিন। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের বলে লেগ বিফোর হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ১১ বল থেকে ৬ রান করেছেন এই ওপেনার।
তিনে নামা তাফাদজওয়া সিগাও তাসকিনের শিকার হয়েছেন। দুই ওপেনারের বিদায়ে চাপ বাড়লেও ভালো শুরু করেছিলেন সিগা। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৩ বাউন্ডারিতে ১৫ বলে করেছেন ১৬ রান।
দ্রুত ৩ উইকেট হারানোর পর দেখে-শুনে খেলে ইনিংস গড়ার চেষ্টা করেন টেলর ও আরভিন। তাতে সফলও হয়েছে। চতুর্থ উইকেট জুটিতে ইতোমধ্যেই শতরান ছাড়িয়ে গেছেন তারা। টেলর ব্যক্তিগত ফিফটির দেখাও পেয়েছেন। ৬৫ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।