বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ক্যারিবীয়দের
বাংলাদেশের মাটিতে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে পেসার আলজারি জোসেফ নাম সরিয়ে নিয়েছেন নিজ থেকে এবং দুর্দান্ত ফর্মে থাকা সাদা বলে দুই ফরম্যাটের অধিনায়ক শাই হোপকে দলটি বিশ্রাম দিয়েছে। ১৫ সদস্যের দলে প্রথমবার ডাক পেলেন কেভিন উইকহ্যাম।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে হ্যামস্ট্রিং চোটে পড়া ওপেনার জন ক্যাম্পবেল চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন। এক বিবৃতিতে তারকা পেসার আলজারি জোসেফের নিজ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই), ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের পর জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’
‘লাল বলের ক্রিকেটে বাড়তি শারীরিক ধকল ও চোটের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং পুরো প্রক্রিয়ায় জোসেফের সম্মতি রয়েছে। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে তার খেলার বিষয়টি পুরোপুরি নাকচ করা হয়নি, তবুও মেডিকেল টিম জানিয়েছে যে বাংলাদেশে পরপর দুটি টেস্ট ম্যাচের চাহিদা, যেখানে পেসারদের দীর্ঘ সময় ধরে গতিময় স্পেল চালিয়ে যেতে হয়। এটি সংক্ষিপ্ত ফরম্যাটের চেয়ে বেশি শারীরিক ধকল তৈরি করে’, আরও জানিয়েছে সিডব্লিউআই।
আলজারি জোসেফের বিকল্প হিসেবে অলরাউন্ডার কিমো পল টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। ওয়ার্কলোড বিবেচনায় শাই হোপকেও বিশ্রাম দিয়েছে উইন্ডিজরা। বিশেষ করে ২০২৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বের দিকে চোখ রেখে তাকে কিছুটা বেছে বেছে খেলতে চাওয়ার পক্ষপাতী। ফলে সুযোগ পেয়ে গেছেন উইকহ্যাম, ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রতিযোগিতায় তিনি তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। ৭৮.৬০ গড়ে করেন ৩৯৩ রান। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৬ সেঞ্চুরিতে রান করেছেন ৪০.৮৮ গড়ে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বিশেষত নাজমুল হোসেন শান্ত’র দলের জন্য এটি গুরুত্বপূর্ণ, যেহেতু তাদের এখনও ফাইনালে ওঠার সুযোগ আছে। বিপরীতে ক্যারিবীয়দের অবস্থান পয়েন্ট টেবিলের আটে।
২৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টেস্ট। ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে দুই দল লড়বে। এর আগে ১৮ অক্টোবর ঢাকা পা রাখার পর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম