‘বার্সা মেসির চেয়েও বড়,’ বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষুব্ধ সাবেক প্রেসিডেন্ট

Former president angry over farewell reception
অনলাইন ডেস্ক ১২ অক্টোবর ২০২৬ ০২:৪১ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১২ অক্টোবর ২০২৬ ০২:৪১ অপরাহ্ন
‘বার্সা মেসির চেয়েও বড়,’ বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষুব্ধ সাবেক প্রেসিডেন্ট
--সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অবসরের ঘোষণা দেওয়ার একমাস পার করার পরপর ঘরের দর্শকদের সামনে আর্জেন্টিনার জার্সিতে খেলে বিদায় সংবর্ধনা নেন লিওনেল মেসি। কিন্তু পাঁচ বছর পার হলেও বার্সার ভক্তদের আনুষ্ঠানিকভাবে বিদায় বলেননি। এ কারণে তার কড়া সমালোচনা করলেন সাবেক বার্সা প্রেসিডেন্ট হোয়ান গাসপার্ত।


২০২১ সালে ফ্রি এজেন্ট হিসেবে অশ্রুসিক্ত হয়ে বার্সেলোনা ছাড়েন মেসি। যোগ দেন পিএসজিতে। ন্যু ক্যাম্পে দর্শকদের সামনে থেকে আয়োজন করে বিদায় নেওয়া হয়নি তার। কাতালান জায়ান্টরাও চেয়েছে তাকে বিদায় সংবর্ধনা দিতে। কিন্তু সেই আয়োজন স্থগিত রেখেছেন মেসি নিজে।


দীর্ঘ বার্সা ক্যারিয়ারের ইতি টানার জন্য বর্তমান প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তাকে দায়ী করে আসছেন মেসি। তার সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই সম্ভবত তিনি বারবার এই অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন।


গাসপার্ত মেসির এমন আচরণ মেনে নিতে পারছেন না। সোলো পারা কালেস পডকাস্টকে তিনি জোর দিয়ে বলেন, মেসির ক্যারিয়ার গঠনে বার্সেলোনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বোর্ডে যেই থাকুক না কেন, বার্সার ভক্তদেরকে তার সম্মান দেখানো উচিত।


গাসপার্ত বলেছেন, ‘লিও একজন দুর্দান্ত ফুটবলার, বিশ্বের সেরা। তার ভুলে যাওয়া চলবে না যে বার্সা তার চেয়ে বড় নয়। তাকে সতর্ক থাকতে হবে।’ তিনি যোগ করলেন, ‘আমি এই কথাটা এমন একজন খেলোয়াড়ের প্রতি স্নেহবশত বলছি, যাকে আমি ১৩ বছর বয়সে দলে নিয়েছিলাম, যখন আমি বার্সার প্রেসিডেন্ট ছিলাম। তার সতর্ক থাকা উচিত। ব্যক্তি হিসেবে সে যতটা বড়, বার্সা তার চেয়েও অনেক বড়।’


গাসপার্তের ধৈর্যের বাধ ভেঙে গেছে, ‘সে একজন দুর্দান্ত খেলোয়াড়, বিশ্ব সেরা, কিছুটা হলেও বার্সার অবদান আছে। এজন্যই তাকে এটা ভুলে যাওয়া চলবে না। তাই আমি তাকে আরেকটু সময় দিচ্ছি। কিন্তু এমন একদিন আসবে যখন মিস্টার মেসি বার্সেলোনায় আসতে এবং ভক্তদের বিদায় জানাতে সামান্যতম বাধা সৃষ্টি করলেও তা আমাকে অস্বস্তিতে ফেলবে।’


লাপোর্তা দায়িত্ব ছাড়া পর্যন্ত মেসি যদি অপেক্ষা করেন, তাহলে সেই সংবর্ধনায় যাবেন না গাসপার্ত। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট যেই থাকুক, তাকে অবশ্যই আসতে হবে এবং বার্সাকে বিদায় বলতে হবে। লাপোর্তা চলে যাওয়ার পর যদি লিও মেসি বিদায় বলতে আসনে এবং লাপোর্তা প্রেসিডেন্ট বলে এখানে আসতে না চান, আমি তাকে সম্মান করব না। সে নিজেকে কী মনে করে? সে তার বার্সেলোনা সফরকে লাপোর্তার উপস্থিতির ওপর নির্ভরশীল করে তুলেছে। যদি ওই অবস্থার কারণে লাপোর্তা অনুপস্থিত থাকত, তাহলে আমি এই সম্মাননা বর্জন করতাম।’


গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন মেসি। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির ওপর। ক্লাবটির সঙ্গে ২০২৮ সালের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। দীর্ঘ প্রতিক্ষীত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের আগে এখনও বার্সা তাদের আইকনের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি পাওয়ার অপেক্ষা করছে।