গোদাগাড়ীতে সুরসুনিপাড়া আদিবাসী খ্রিষ্টান ক্রেডিট ইউনিয়নের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সুরসুনিপাড়া আদিবাসী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ অক্টোবর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সুরসুনিপাড়া আদিবাসী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মি. রাজেন হেম্ব্রমের সভাপতিত্বে বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা খাইরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মুন্ডুমালা মিশনের প্রধান পালপুরোহিত যাজক বার্নাড টুডু, রাজশাহীর ওমরপুর বিশপ হাউসের শিক্ষা কমিশন কর্মকর্তা যাজক উইলিয়াম মুর্মু এবং সুরসুনিপাড়া মিশনের যাজক পল কস্তা। সভাটি সঞ্চালনা করেন ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমন বাস্কি।
সভায় সমবায়ের মাধ্যমে সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন, সঞ্চয় বৃদ্ধি, আর্থিক স্বাবলম্বিতা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সুরসুনিপাড়া আদিবাসী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০০৭ সালে নিবন্ধন লাভের পর বর্তমানে প্রতিষ্ঠানটির শেয়ার সদস্যসংখ্যা পাঁচ হাজারে পৌঁছেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সঞ্চয় ও মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় নয় কোটি টাকা।
সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি রাজশাহী জেলা পর্যায়ে জাতীয় সমবায় দিবসে একবার পুরস্কার অর্জন করেছে। এবং সচিবালয় থেকে একবার ২০১১ সালে স্বর্ণপদক অর্জনসহ উপজেলায় চারশত সমবায়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে ২০০৯ সাল থেকে প্রতিবছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমিতি হিসেবে সম্মাননা পেয়েছেন।প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রমনি বেশরা তথ্যটি নিশ্চিত করেন।