সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইমদাদুল হক বিশেষ সম্মাননায় ভূষিত
রাজশাহীর সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা লাভ করেছেন রাজশাহী মডেল প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি ও আনন্দ টেলিভিশনের প্রতিনিধি ইমদাদুল হক।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পর্যটন নগরী কক্সবাজারে আয়োজিত ‘আনন্দ টেলিভিশন পরিবার ২০২৬ আনন্দ উৎসব বরণ’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ইমদাদুল হক রাজশাহী মডেল প্রেস ক্লাবের সভাপতির পাশাপাশি জাতীয় দৈনিক ‘আওয়ার বাংলাদেশ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মাদকবিরোধী সামাজিক সংগঠন ‘২১’-এর সভাপতির দায়িত্বে রয়েছেন। ২০১৯ সালে রাজশাহী মডেল প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে তিনি প্রতিষ্ঠাতা ও দুই মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সদস্যদের বিপুল ভোটে তিনি প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন।
পেশাগত সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য রাজশাহীতে ইমদাদুল হক সুপরিচিত। মডেল প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, পথচারীদের খাবার ও ইফতার বিতরণ, সাংবাদিকদের ঈদ উপহার ও মাংস বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে তিনি সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে ইমদাদুল হক বলেন, "এই অর্জন ও স্বীকৃতি মহান আল্লাহর অশেষ রহমত এবং প্রেস ক্লাবের সকল সহযোদ্ধার নিরলস পরিশ্রমের ফল। প্রেস ক্লাবের সদস্যরা সবসময় আমাকে নানাভাবে সহযোগিতা করে আসছেন।
তিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরোর অবদানের কথা উল্লেখ করে বলেন, "তিনি শুরু থেকেই সংগঠনটিকে পরম যত্নে গড়ে তুলেছেন। তার দক্ষতা ও দূরদর্শিতা রাজশাহীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরো সমৃদ্ধ করেছে।"
এছাড়া তিনি ক্যামেরার নেপথ্যে থাকা ও মাঠপর্যায়ে কঠোর পরিশ্রম করা সদস্য নূরজামাল ইসলাম, ফয়সাল আহম্মেদ রাতুল, সোহাগ আলী, নাফিস, বাবর মোল্লা, ইসমাইল, মোফাজ্জল, শাহিন, মোমিন, রাজু ও হামিদসহ অন্যান্য সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।