রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

Shyama Puja and Diwali celebrations
আবুল কালাম আজাদ: ০৮ নভেম্বর ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ: ০৮ নভেম্বর ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন
রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন
রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

ধর্মীয় রীতিনীতি ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি। 

 রবিবার (৮ নভেম্বর) এ উৎসবকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশের সৃষ্টি হয়েছে। দেবী শ্যামার আরাধনা, প্রদীপ প্রজ্বালন এবং বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন ভক্তরা।


​হিন্দু ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শক্তির প্রতীক দেবী শ্যামা বা মা কালীর পূজা অনুষ্ঠিত হয়। অশুভ শক্তির বিনাশ, পরিবারের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি কামনায় ভক্তরা এই পূজার আয়োজন করে থাকেন। একই সঙ্গে দীপাবলি উৎসবের মাধ্যমে অন্ধকার দূর করে সত্য ও শুভ শক্তির জয়ের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।


​পঞ্জিকা মতে, রবিবার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে, যা আগামীকাল সোমবার বেলা ১১টা ৫৮ মিনিট পর্যন্ত বহাল থাকবে। তিথির নিয়ম অনুযায়ী আজ মধ্যরাতে মন্দির ও মণ্ডপগুলোতে শ্যামাপূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ সময় দেবীর প্রতিমার সামনে মন্ত্র পাঠ, অঞ্জলি প্রদান ও বিশেষ প্রার্থনায় অংশ নেবেন পুণ্যার্থীরা।


​উৎসব ঘিরে মহানগরীর ঐতিহ্যবাহী মন্দিরসহ জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। সন্ধ্যায় বাড়িঘর, মন্দির ও শ্মশানে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রয়াত স্বজন ও পূর্বপুরুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ভক্তরা। একই সাথে আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে পুরো নগরী।


​এদিকে, উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহানগরী ও জেলার প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।


​সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদযাপিত হচ্ছে জানিয়ে আয়োজকরা জানান, ধর্মীয় অনুশাসন মেনে সব বয়সী মানুষ আনন্দঘন পরিবেশে এ উৎসবে অংশ নিচ্ছেন।