বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন : আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব পলি রানী

Varendra Youth Agroecology Conference
নিজেস্ব প্রতিবেদক ০৯ নভেম্বর ২০২৬ ০১:০৭ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক ০৯ নভেম্বর ২০২৬ ০১:০৭ অপরাহ্ন
বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন : আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব পলি রানী
রাজশাহীতে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ উদযাপন উপলক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রাজশাহীতে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ উদযাপন উপলক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ৯ নভেম্বর ২০২৬ তারিখ বরেন্দ্র ইয়ুথ ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সন্ধ্যা ৭:৩০টায় রাজশাহীর বাটার মোড়ে অবস্থিত পান্ডুলিপি বুক ক্যাফেতে এক সভায় এই কমিটি গঠন করা হয়।


রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের পাঁচ শতাধিক বছরের পুরনো বটগাছের তলায় আগামী ১২ নভেম্বর ২০২৬ দিনব্যাপী বরেন্দ্র অঞ্চলের প্রাণ প্রকৃতি, এগ্রোইকোলজি, খাদ্যসার্বভৌমত্ব ও জলবায়ু সুরক্ষায় ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানকে সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়ন করতে বরেন্দ্র ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ থেকে ১৫ সদস্যবিশিষ্ট আয়োজন উদযাপন কমিটি গঠন করা হয়।



কমিটির আহবায়ক নির্বাচিত হন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হন সাধারণ সম্পাদক পলি রানী। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মোখলেছুর রহমান সুন্দরী, হাসিবুল হাসনাত রিজভী, মো. আলমগীর হোসেন; যুগ্ম সদস্য সচিব পদে ইহতেশামুল আলম, রিয়া করিম, তাহমিদ জাকি এবং নির্বাহী সদস্য পদে তামীম তুলি, আবু রাইহান, বিথী এক্কা, নাদিম সিনা, মো. মাসুম ইসলাম, মোসা. সুমাইয়া আক্তার তন্বী ও রাকিব হাসান বাপ্পীকে নির্বাচিত করা হয়। এছাড়াও বরেন্দ্র অঞ্চলের নাচোল, তানোর ও পবা উপজেলা থেকে আগত কৃষক-কৃষাণী ও যুবরা এই কমিটির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

 

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন এর মূল লক্ষ্য, বরেন্দ্র অঞ্চলের যুবসমাজের মধ্যে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে সচেতনতা, নেতৃত্ব, পারস্পরিক  সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। “শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি” এই স্লোগানে বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তারুণ্যের ভূমিকা এই প্রতিপাদ্যে সম্মেলনের মূল আলোচ্য বিষয়- এগ্রোইকোলজি: দেশি বীজ ও স্থানীয় কৃষিজ্ঞান সংরক্ষণ, মাটির স্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য, পানি সাশ্রয়ী কৃষি এবং পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ। জলবায়ু ন্যায্যতা: বরেন্দ্র অঞ্চলের খরা, তাপপ্রবাহ ও পানিসংকট; কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি; স্থানীয় অভিযোজন ও পরিবেশগত ন্যায়বিচার। খাদ্য সার্বভৌমত্ব: খাদ্য সার্বভৌমত্ব, কৃষকের বীজ ও খাদ্য উৎপাদনের অধিকার, স্থানীয় খাদ্যসংস্কৃতি, নিরাপদ খাদ্য এবং খাদ্যব্যবস্থায় কৃষক ও জনগণের সিদ্ধান্ত গ্রহণের অধিকার।

 

এছাড়াও থাকবে মূল প্রবন্ধ উপস্থাপন, বিষয়ভিত্তিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, তরুণদের উদ্যোগ ও উদ্ভাবন উপস্থাপন, দেশি বীজ ও কৃষি ঐতিহ্য প্রদর্শনী, স্থানীয় খাদ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক আয়োজন।