গোদাগাড়ীতে দুই বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২
রাজশাহীর গোদাগাড়ীতে দুটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
গত ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী উপজেলার সারইল গ্রামে আনোয়ার হোসেন বাবুর বাড়ির দক্ষিণ পাশে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কে অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে চেকপোস্ট ডিউটি করছিল ডিবি পুলিশের দলটি। এ সময় সন্দেহভাজন মো. শাহীন আলী ও মোছা. পিংকি খাতুনকে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় শাহীন আলীর পরিহিত জিন্স প্যান্টের সামনের দুই পাশের কোচ থেকে দুটি অবৈধ বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ, ৭.৬৫ এমএম), চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহীন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে। আর পিংকি খাতুন একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় মো. শাহীন (৫৬) নামে আরেক অভিযুক্ত পলাতক রয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের ভিকুর ছেলে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার শাহীন আলীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। এছাড়া পলাতক শাহীন নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।