কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানে যাচ্ছে রামেবির ৫০০ কোটির কাজ
আদালতের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই চুক্তির নোটিশ—সব নিয়মকানুন ও কালো তালিকাভুক্তির খড়গ উপেক্ষা করেই কি প্রায় ৫০০ কোটি টাকার হাসপাতাল নির্মাণকাজ পাচ্ছে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের ১ হাজার ২০০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণের এই বিশাল দরপত্র ঘিরে এখন অনিয়ম ও আইন লঙ্ঘনের তীব্র অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামেবি স্থাপন প্রকল্পের অধীনে বেসমেন্টসহ ১১ তলাবিশিষ্ট ১ হাজার ২০০ শয্যার হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাসিলিটিজ ভবন নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। এতে চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিলেও কেবল ওয়াহিদ কনস্ট্রাকশনের দরপত্রকে গ্রহণযোগ্য বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দর ৪৯৭ কোটি ৩৩ লাখ টাকা।
নথিপত্র অনুযায়ী, গত ১৯ এপ্রিল গণপূর্ত অধিদপ্তর ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে এক বছরের জন্য সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করে। পরে প্রতিষ্ঠানটি উচ্চ আদালতে রিট করলে গত ৩ মে কালো তালিকাভুক্তির আদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয় ২ নভেম্বর।
তবে স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে, ১ নভেম্বর প্রতিষ্ঠানটির অনুকূলে চুক্তি সম্পাদনের নোটিশ (নোয়া) জারি করা হয়। আগামী ২৯ নভেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষরের সময়সীমা নির্ধারিত রয়েছে।
এদিকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) গত ১৫ নভেম্বর জারি করা এক পরিপত্রে স্পষ্ট করেছে, দরপত্র মূল্যায়ন চলাকালে কোনো দরদাতা কালো তালিকাভুক্ত হলে চলমান দরপত্রেও তাকে অযোগ্য বিবেচনা করতে হবে। এমন প্রতিষ্ঠানকে চুক্তির জন্য সুপারিশ ও অনুমোদনের পর চুক্তি সম্পাদন সরকারি ক্রয় আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
এ ছাড়া ওয়াহিদ কনস্ট্রাকশনের পূর্ববর্তী নির্মাণকাজের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠেছে। গত ২২ ফেব্রুয়ারি মেসার্স তাবাসসুম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন অসংগতি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করে।
অভিযোগে বলা হয়, ওয়াহিদ কনস্ট্রাকশন যে নির্মাণকাজের অভিজ্ঞতা দেখিয়েছে, তা প্রস্তাবিত বহুতল হাসপাতাল ভবনের কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পুনরায় যাচাই করা প্রয়োজন।
তবে অনিয়মের অভিযোগের বিষয়ে রামেবি কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ক্রয় বিধিমালার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এ বিষয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক বলেন, ‘প্রজ্ঞাপন অনুযায়ীই আমরা পদক্ষেপ নেব। বিপিপিএর রুলস রেগুলেশনের বাইরে কোনো কাজ হবে না। ওয়াহিদ কনস্ট্রাকশন কালো তালিকাভুক্ত হলে তারা কাজ পাবে না। আমরা বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।
তিনি আরও জানান, পুরো বিষয়টি ইতোমধ্যে লিখিতভাবে বিপিপিএকে অবহিত করা হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় ৫০০ কোটি টাকার এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো প্রকল্পের দরপত্র প্রক্রিয়া ও বিপিপিএর নির্দেশনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট মহল।