বিয়ের পরদিনই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, নববধূকে নিয়ে উধাও বর

Groom disappears with bride
অনলাইন ডেস্ক ২২ নভেম্বর ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২২ নভেম্বর ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন
বিয়ের পরদিনই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, নববধূকে নিয়ে উধাও বর
--সংগৃহীত ছবি

পারিবারিকভাবে বিয়ে করে নতুন স্ত্রীকে বাড়িতে এনেছিলেন ওমর ফারুক। বাড়িজুড়ে তখন বিয়ের আনন্দ। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিয়ের পরদিনই বাড়ির সামনে হাজির হন এক অন্তঃসত্ত্বা তরুণী। দাবি করেন, বিয়ের আশ্বাসে ফারুকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তার গর্ভে ফারুকের সন্তান রয়েছে। এখন অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতি চান তিনি। এমন পরিস্থিতিতে নববধূকে নিয়ে বাড়ি ছেড়েছেন ফারুক। এ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত ফারুকের বাড়িতে অবস্থান করছিলেন ওই তরুণী। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটির আইনি প্রতিকার পেতে রোববার (২২ নভেম্বর) তিনি ময়মনসিংহ শহরে গেছেন। তবে যার কাছে স্বীকৃতি দাবি করছেন, সেই ফারুক বর্তমানে বাড়িতে নেই। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে এনেছিলেন তিনি। বিয়ের পরদিনই পুরোনো সম্পর্কের অভিযোগ সামনে আসায় পাল্টে যায় বাড়ির পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। পরিবারের সদস্য ও স্বজনেরা যখন বিয়ের আনন্দে ব্যস্ত, তখনই সেখানে উপস্থিত হন এক অন্তঃসত্ত্বা তরুণী। তার দাবি, ফারুকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে এবং তার গর্ভে ফারুকের সন্তান বেড়ে উঠছে।

ওই তরুণীর ভাষ্য, মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে ওমর ফারুকের সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফারুক তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ করেন তিনি।

তরুণীর দাবি, কিছুদিন পর তিনি জানতে পারেন, অন্তঃসত্ত্বা হয়েছেন। এরপর ফারুককে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু বিয়ের বিষয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন ফারুক। একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে অনাগত সন্তানের ভবিষ্যৎ ও নিজের সামাজিক পরিচয় নিয়ে অনিশ্চয়তায় পড়েন ওই তরুণী।

তিনি আরও অভিযোগ করেন, বারবার যোগাযোগের চেষ্টা করেও ফারুকের সাড়া পাননি। এর মধ্যেই বৃহস্পতিবার অন্য এক নারীকে বিয়ে করেন ফারুক। বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতি আদায়ের দাবিতে ফারুকের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তরুণীর ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ফারুকের বাড়িতে গিয়ে অবস্থান নেন। ফারুকের সঙ্গে সরাসরি কথা বলে নিজের ও অনাগত সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করাই ছিল তার উদ্দেশ্য। তবে বাড়িতে গিয়ে ফারুককে পাননি বলে জানা গেছে।

এদিকে বাড়িতে উপস্থিত ছিলেন ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার। তার দাবি, পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে আনার পর রাতে ওই তরুণী সেখানে এসে ফারুকের সঙ্গে সম্পর্কের কথা জানান। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে দাবি করেন নাজমা।

নাজমা আক্তার বলেন, ওই তরুণী একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং আত্মহত্যার হুমকি দেন। এমন পরিস্থিতি এড়াতে তার দেবর নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।

এদিকে বিয়ের পরপরই এমন অভিযোগ সামনে আসায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে তরুণীর অভিযোগের সত্যতা, গর্ভের সন্তানের পিতৃত্ব কিংবা এ বিষয়ে ফারুকের বক্তব্য—কোনোটিই এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সূত্রপাত ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহ সদর থানা এলাকায়, তাই তাঁকে সেখানেই আইনি ব্যবস্থা নিতে হবে।