জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে পাকা ও কাটা ধান, ক্ষতিগ্রস্ত ২৮৫ হেক্টর জমি
ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও হালকা বাতাসে নওগাঁর বদলগাছী উপজেলায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে মাঠের পাকা ও আধাপাকা ধান নুয়ে পড়েছে। নিচু জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে শুকানোর জন্য মাঠে কেটে রাখা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।
সরেজমিনে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে নিচু এলাকার অধিকাংশ জমিতে পানি জমে আছে। কোথাও ধানগাছ পানির নিচে তলিয়ে গেছে, আবার কোথাও হেলে পড়া ধানের শিষ পানিতে ডুবে রয়েছে। এতে ধানে অঙ্কুরোদ্গম ও পচন ধরার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যেসব কৃষক ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। বৃষ্টির পানিতে ভিজে ও ভেসে থাকা এসব ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
টানা বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক
উপজেলার বেগুনজোয়ার গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, টানা বৃষ্টিতে তাঁদের এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে পানি জমেছে। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে ফসলের অপূরণীয় ক্ষতি হবে।
একই চিত্র দেখা গেছে দেউলিয়া ও কাষ্টডোব গ্রামেও। সেখানকার কয়েকজন কৃষক আক্ষেপ করে বলেন, তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে। অনেক কৃষক ধান কেটে শুকানোর জন্য মাঠে রেখেছিলেন। বৃষ্টির পানিতে সেই ধান এখন নষ্ট হতে বসেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে রোদ না উঠলে কিংবা ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছীতে ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে টানা বৃষ্টিতে এখন পর্যন্ত প্রায় ২৮৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মাঠে থাকা আগাম আলুসহ অন্যান্য রবিশস্যও কিছুটা ক্ষতির মুখে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এবার উপজেলায় রোপা আমনের ফলন বেশ ভালো হয়েছিল। তবে মৌসুমের শেষ সময়ে বৃষ্টির কারণে কৃষকেরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। ধান নুয়ে পড়ায় এবং জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াইয়ে কৃষকদের বাড়তি শ্রম ও খরচ গুনতে হবে। ক্ষয়ক্ষতি কমাতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে থেকে জমির পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
এদিকে, জলাবদ্ধতা দূর করতে দ্রুত কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কৃষকেরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের তালিকা করে তাঁদের সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।