রুয়েটে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স’ ২ ডিসেম্বর, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ
ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও দ্বীনি জ্ঞানচর্চায় তরুণদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজন করা হচ্ছে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগ ‘ফাতিহ ’২১’-এর আয়োজনে আগামী ২ ডিসেম্বর (বুধবার) রুয়েটের সেন্ট্রাল ফিল্ডে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।
প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যার উৎকর্ষের পাশাপাশি তরুণদের ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও দ্বীনি জীবনবোধে উদ্বুদ্ধ করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। দ্বীনকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে উপলব্ধি করা এবং ইসলামী জ্ঞানের চর্চা ও বিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা আয়োজকদের। ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও কর্মক্ষেত্রেও ইসলামী মূল্যবোধের প্রতিফলন এবং পরবর্তী প্রজন্মের কাছে ইসলামের আদর্শ ও ঐতিহ্য পৌঁছাতে কাজ করে যাচ্ছে ফাতিহ-২১।
আয়োজক শিক্ষার্থীরা জানান, ফাতিহ’২১ এর নামকরণেও রয়েছে ঐতিহাসিক প্রেরণা। ইতিহাসের অন্যতম প্রভাবশালী মুসলিম শাসক সুলতান মুহাম্মদ আল-ফাতিহ (রহ.) মাত্র ২১ বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে সাহস, দৃঢ়সংকল্প ও দূরদর্শিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর জীবনাদর্শে অনুপ্রাণিত হয়েই এমন নামকরণ। শুধু ইসলামী ব্যক্তিত্বে পরিচিতি নয়; বরং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে নিজেদের মেধা ও সামর্থ্য কাজে লাগানো, প্রতিকূলতার মাঝেও আদর্শে অবিচল থাকা এবং দুনিয়াবি সফলতার পাশাপাশি পরকালের জীবনে সাফল্যের লক্ষ্যে দৃঢ় আয়োজক তরুণ প্রকৌশল শিক্ষার্থীরা।
বিদায়ী ব্যাচ হিসেবে একই সাথে ক্যাম্পাসে স্মৃতিচিহ্ন এবং ভবিষ্যত শিক্ষার্থীদের দ্বীন ও কল্যাণমুখী চিন্তার সুদূর প্রসারী স্বাক্ষর রেখে যাওয়ার ভাবনা থেকেই সম্মেলনটির উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রসঙ্গে আয়োজক কমিটির প্রতিনিধি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেওয়ান মো. নাফিস ইকবাল বলেন, "ক্ষণস্থায়ী কোলাহল বা অর্থহীন আয়োজনের ভিড়ে হারিয়ে না গিয়ে, প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যার উৎকর্ষের পাশাপাশি রবের সঙ্গে বান্দার সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্য আমাদের। রুয়েট ক্যাম্পাসে একটি সুস্থ, পরিশুদ্ধ ও স্থায়ী দ্বীনি সংস্কৃতির উত্তরাধিকার তৈরিতে আমরা সম্মেলনের উদ্যোগ নিয়েছি। আমাদের অগ্রজ আবাবিল ’১৯ ও সালসাবিল ’২০ এর ভাইদের সূচিত কল্যাণময় ধারার আমানতকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার বিনীত প্রচেষ্টা করছি আমরা।’
সম্মেলনের প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ দেশের তরুণদের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও দ্বীনি আলোচনার প্রসারে সুপরিচিত। আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, ধর্মীয় আলোচনা ও ইসলামি শিক্ষাভিত্তিক উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আগ্রহ ও এমন উদ্যোগের প্রশংসা পরিলক্ষিত হয়েছে। ক্যাম্পাসের সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে আয়োজনের পরিকল্পনায় কাজ করছেন তারা।
উল্লেখ্য গত ২০ নভেম্বর থেকে সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের জন্য অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নারী শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের জন্য পৃথক ও নির্ধারিত স্থানের ব্যবস্থাও রাখা হয়েছে। রেজিস্ট্রেশন ফি জুনিয়রদের জন্য মাত্র ২১টাকা এবং শুধু ২১ সিরিজের শিক্ষার্থীদের জন্য ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও নিবন্ধিত শিক্ষার্থীদের জন্য থাকছে ১২টি দোয়ার স্টিকার, একটি কিবলা স্টিকার, দুটি বুকমার্ক এবং স্মারক হিসেবে চাবির রিং সংবলিত বিশেষ উপহার প্যাকেজ। হল ভিত্তিক নির্ধারিত পিক-আপ পয়েন্ট থেকে সম্মেলনের টোকেন সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।
বর্তমান সময়ে তরুণদের মধ্যে আত্মিক প্রশান্তি, নৈতিক দৃঢ়তা ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছে ফাতিহ'২১। তাদের মতে, প্রকৌশল শিক্ষার জটিল সমীকরণ ও পেশাগত সাফল্যের প্রতিযোগিতার পাশাপাশি বস্তুবাদী চিন্তা এবং নানামুখী অপসংস্কৃতির প্রভাব তরুণদের প্রকৃত লক্ষ্য ও আত্মিক প্রশান্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এ বাস্তবতায় জ্ঞান ও মূল্যবোধের সঙ্গে ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, তাকওয়া ও চারিত্রিক সততার সমন্বয় ঘটাবে এ সম্মেলন।