টানা বর্ষণে উত্তরাঞ্চলে ফসলের মহাবিপর্যয়: পানিতে ডুবল কাটা আমন, সর্বস্বান্ত সবজি চাষিরা

Harvested Aman submerged in water, vegetable farmers lost
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :- ২৩ নভেম্বর ২০২৬ ০৩:২৬ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :- ২৩ নভেম্বর ২০২৬ ০৩:২৬ অপরাহ্ন
টানা বর্ষণে উত্তরাঞ্চলে ফসলের মহাবিপর্যয়: পানিতে ডুবল কাটা আমন, সর্বস্বান্ত সবজি চাষিরা
ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে রাজশাহীসহ গোটা উত্তরাঞ্চলের কৃষিখাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।

ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে রাজশাহীসহ গোটা উত্তরাঞ্চলের কৃষিখাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে মাঠে কেটে রাখা পাকা আমন ধান পানিতে তলিয়ে যাওয়া এবং শীতকালীন শাকসবজি, আলু, সরিষা ও ভুট্টার ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম হতাশা, উৎকণ্ঠা ও আর্তনাদে দিন পার করছেন প্রান্তিক চাষিরা। বরেন্দ্র অঞ্চল ও বিভিন্ন বিলের বিস্তীর্ণ এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে কাটা ধান ঝরে পড়া, অঙ্কুরোদগম হওয়া, চিটা হয়ে যাওয়া এবং ধানের রং নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে চলতি মৌসুমে উত্তরাঞ্চলের আমন ও রবি ফসলের নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা বড় ধাক্কা খাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


দুর্যোগের চিত্র ও মাঠের বাস্তবতা:-

কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি (২০২৬-২৭) আমন মৌসুমে রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় ১৯ লাখ ৯১ হাজার ৪০৩ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছিল। অনুকূল আবহাওয়া এবং নিবিড় সেচ সুবিধা নিশ্চিত থাকায় এবার বাম্পার ফলনের প্রত্যাশায় ৫৬ লাখ ৮৬ হাজার ৯৩১ টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু মাঠপর্যায়ে এখনো মাত্র ১২ ভাগ জমির আমন কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে। বাকি ৮৮ ভাগ আমনের অর্ধেক কাটা অবস্থায় জমিতেই পড়ে রয়েছে এবং অবশিষ্ট ৪৪ ভাগ ধানগাছ বৃষ্টি ও দমকা হাওয়ায় জমিতে নুইয়ে বা শুয়ে পড়েছে।

সাধারণত আমন কাটার পর ধান ও নাড়া শুকানোর জন্য চার থেকে পাঁচ দিন জমিতে ফেলে রাখা হয়, যাতে ধানের রং অটুট থাকে ও আর্দ্রতা কমে। কিন্তু গত ১৮ নভেম্বর থেকে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া টানা বৃষ্টি শনিবার সন্ধ্যা পর্যন্ত গোটা উত্তরাঞ্চলজুড়ে অব্যাহত থাকে। এরপর রোববার দিবাগত রাত থেকে সোমবার দুপুর পর্যন্তও থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরে। ফলে আকাশের মেঘের ঘনঘটা খানিকটা কাটলেও দুর্যোগের রেশ পুরোপুরি কাটেনি।


সরেজমিনে রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোমস্তাপুর এবং নওগাঁর নিয়ামতপুরের কিছু অংশ ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ কৃষকদের গোছা করে রাখা কাটা ধান পানিতে ডুবে আছে। কোথাও কোথাও ধানের জমিতে হাঁটুসমান ও কোমরসমান পানি জমে গেছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের হোগলার বিলসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন বিলে কাটা ধান তলিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়েছে। এর পাশাপাশি শীতকালীন শাকসবজি, আগাম আলু, সরিষা ও ভুট্টার ক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চারা পচে যাওয়ার উপক্রম হয়েছে।


কৃষকের আর্তনাদ ও চোখের জল:

ফসলের এই সর্বনাশে দিশেহারা হয়ে পড়েছেন উত্তরাঞ্চলের কৃষকরা। জমে থাকা পানির ভেতর নেমে কেউ কাটা ধানের আঁটি টেনে তুলছেন, কেউবা নষ্ট হওয়া সবজির ক্ষেতের দিকে তাকিয়ে নির্বাক হয়ে বসে আছেন।


রাজশাহীর গোদাগাড়ীর এমনও সবজি চাষী রফিকুল ইসলাম বলেন,"সারাবছর মহাজনের কাছ থেকে চড়া সুদে ধারদেনা করে আর হাড়ভাঙা খাটুনি দিয়ে আমন আর শীতের সবজি লাগাইছিলাম। ভেবেছিলাম নতুন ধান তুলে দেনা শোধ করমু, সংসারের অভাব ঘুচমু। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে কাটা ধান বিলেই ডুইবা গেল, সবজির ক্ষেতও নষ্ট হইয়া গেল। এখন যে আমাগো পথে বসা ছাড়া উপায় নাই—এই কষ্ট কারে কমু?"

চাঁপাইনবাবগঞ্জের হোগলার বিল এলাকার কৃষক আব্দুল খালেক আক্ষেপ করে বলেন, "ধান কাটার পর চার-পাঁচ দিন জমিতে শুকাইতে দিলে রং ঠিক থাকে আর ঝরে পড়ে না। কিন্তু হঠাৎ বৃষ্টির পানিতে সব ভাসায়া নিল। পানির নিচে ধান পইচা গেলে আর চিটা হইয়া গেলে তো এক মুঠো চালও ঘরে উঠবে না। মহাজনের কিস্তি আর সংসারের খরচ কেমনে চলব, ভাবতেই বুক ফেটে যাচ্ছে।"


নওগাঁর নিয়ামতপুরের কৃষক মাজেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, "শীতের শুরুতে শাকসবজি, সরিষা আর ভুট্টার আবাদ করেছিলাম একটু বাড়তি আয়ের আশায়। টানা বৃষ্টিতে ক্ষেতে পানি জমে সব শেষ হয়ে গেছে। মাঠে গেলে শুধু চোখের পানি ধরে রাখা যায় না। সরকারের পক্ষ থেকে দ্রুত সহযোগিতা না পেলে আমরা না খেয়ে মরব।"

নাচোল ও গোমস্তাপুর এলাকার একাধিক চাষি জানান, বরেন্দ্রের উঁচু-নিচু জমিতে বৃষ্টির পানি গড়িয়ে নিচু জমি ও বিলে জমে যাওয়ায় কাটা ধান তোলার সুযোগ মেলেনি। অনেক জমিতে ধানের শিষ থেকে গজিয়ে ওঠা বা পচে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা।


অঞ্চলভিত্তিক আমন আবাদ ও লক্ষ্যমাত্রা:-

উত্তরাঞ্চললে (মোট ১৬ জেলা)আবাদকৃত কৃষি জমির পরিমাণ ১৯,৯১,৪০৩ হেক্টর,উৎপাদন লক্ষ্যমাত্রা ৫৬,৮৬,৯৩১টন। হেক্টরপ্রতি  ফলনের আশা  ছিল ৩.৪২ টন।


এরমধ্যে রাজশাহী অঞ্চল (৪ জেলা):-আবাদকৃত জমির পরিমাণ ৪,১২,৮৫৯ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 

১৩,৩৮,৬৭৮ টন।

নওগাঁ জেলা (একক সর্বোচ্চ):-আবাদকৃত জমির পরিমাণ ১,৯৫,০৮৮ হেক্টর।উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৬,১৭,৫০৯ টন।


বগুড়া অঞ্চল (৪ জেলা):-আবাদ কৃত জমির পরিমাণ 

৩,৮৮,০৭৬ হেক্টর।উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১২,৭৯,৭৪৫ টন।

 রংপুর অঞ্চল(৫ জেলা):- জেলায় আবাদ কৃষি জমির পরিমাণ  ৬,২১,২৯৯ হেক্টর।উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 

১৫,৯৫,০৩৮ টন।

দিনাজপুর অঞ্চল (৩ জেলা):-আবাদকৃত জমির পরিমান ৪,৯৭,৯৮৮ হেক্টর।উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 

১৪,৫৬,৫৮০ টন।

ক্ষয়ক্ষতি নিরূপণ ও করণীয়:

কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মৌসুমে হেক্টরপ্রতি ৩ দশমিক ৪২ টন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অনুকূল আবহাওয়া ও সেচ সুবিধার কারণে ফলন ভালো হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে সামগ্রিক উৎপাদনে তারতম্য ঘটতে পারে। ইতোমধ্যে মাঠপর্যায়ে আমন ধানসহ শীতকালীন সবজি, আলু, ভুট্টা ও সরিষার ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ শুরু হয়েছে।

কৃষি বিশ্লেষক ও স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না গেলে কাটা ধান ও শীতকালীন সবজির ক্ষতি আরও বাড়বে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে বীজ, সার ও আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা, যাতে আগামী মৌসুমে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারেন।