চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেলের লোকসান ২০৫ কোটি টাকা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) যাত্রী ও পণ্য পরিবহনসহ বিভিন্ন খাত থেকে ৫০৩ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। বিপরীতে এ সময়ে সংস্থাটির পরিচালন ব্যয় হয়েছে প্রায় ৭০৮ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম প্রান্তিকেই আয়ের চেয়ে ২০৫ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ হিসাবে রেলের অপারেটিং রেশিও দাঁড়িয়েছে প্রায় ১৪১ শতাংশ—যার অর্থ, ১ টাকা আয় করতে রেলকে খরচ করতে হয়েছে ১ টাকা ৪১ পয়সা।
রেলের পরিচালন ব্যয়কে মোট আয় দিয়ে ভাগ করে অপারেটিং রেশিও নির্ণয় করা হয়। এ সূচক ১০০ শতাংশের নিচে থাকলে আয় বেশি এবং ওপরে থাকলে লোকসান বা ব্যয় বেশি বোঝায়। পরিসংখ্যান বলছে, গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার অপারেটিং রেশিও কিছুটা কমেছে। ওই সময় ৫৩৩ কোটি টাকা আয়ের বিপরীতে ব্যয় হয়েছিল ৮৮৯ কোটি টাকা এবং অপারেটিং রেশিও ছিল ১৬৭ শতাংশ (১ টাকা আয়ে ব্যয় ১ টাকা ৬৭ পয়সা)। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আয় প্রায় ৩০ কোটি টাকা কমলেও পরিচালন ব্যয় ১৮১ কোটি টাকা কম হওয়ায় অনুপাতটি প্রায় ২৬ শতাংশ পয়েন্ট কমেছে।
তবে পুরো অর্থবছরের চিত্র বিবেচনায় নিলে রেলের আর্থিক অবস্থার ভঙ্গুরতা স্পষ্ট হয়ে ওঠে। সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে রেলের মোট পরিচালন ব্যয় ছিল ৩ হাজার ৯৫৫ কোটি টাকা এবং আয় হয়েছিল ২ হাজার ৬৬ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরে ১০০ টাকা আয় করতে রেলকে ১৯১ টাকা খরচ করতে হয়েছিল।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রথম প্রান্তিকে পরিচালন ব্যয়ের সবচেয়ে বড় অংশ গেছে কর্মকর্তা-কর্মচারীদের অবসর ভাতা বা পেনশন পরিশোধে। অন্যদিকে অবকাঠামো ও কোচ-ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি ছিল অত্যন্ত ধীর।
উন্নতি সাময়িক, নজর নন-কোর আয়ে প্রথম প্রান্তিকে অপারেটিং রেশিও কমে আসাকে ইতিবাচক হিসেবে দেখলেও এটিকে ‘সাময়িক’ বলে অভিহিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
তিনি বলেন, ‘এখন রেলের আয়-ব্যয়ের অনুপাত কিছুটা সহনীয় মনে হলেও এর মূল কারণ হলো, ব্যয়ের বড় অংশ এখনো শুরু হয়নি। তাই এতে আত্মতুষ্টির সুযোগ নেই। সাধারণত অর্থবছরের মাঝামাঝি সময় থেকে মেরামত, কেনাকাটাসহ বিভিন্ন বিল পরিশোধ বাড়তে থাকে। তখন অপারেটিং রেশিও আবারও বেড়ে যাবে।’
রেলের লোকসান কমিয়ে আনা কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে সচিব আরও বলেন, ‘২০১৬ সালের পর থেকে রেলের ভাড়া বাড়ানো হয়নি। আমরা ভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছি, তবে সরকারের পক্ষ থেকে এখনো ইতিবাচক সম্মতি মেলেনি। এ অবস্থায় অপারেটিং রেশিও নিয়ন্ত্রণে রাখতে আমরা রেলের অব্যবহৃত জমি ও সম্পদ কাজে লাগিয়ে নন-কোর ব্যবসা থেকে আয় বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে যে অর্থের অপচয় ও অনিয়ম (পিলফারেজ) হয়, তা কঠোরভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’