খাল-বিল ও নদী-নালায় মিলছে না কচ্ছপ, বিকল্প পেশার খোঁজে রাজশাহীর সাঁওতাল জনগোষ্ঠী

Turtles are not found in canals, rivers, and streams
আবুল কালাম আজাদ ২৩ নভেম্বর ২০২৬ ০৮:০১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ২৩ নভেম্বর ২০২৬ ০৮:০১ অপরাহ্ন
খাল-বিল ও নদী-নালায় মিলছে না কচ্ছপ, বিকল্প পেশার খোঁজে রাজশাহীর সাঁওতাল জনগোষ্ঠী
রাজশাহীর বরেন্দ্র অঞ্চলসহ আশপাশের খাল-বিল, নদী-নালা ও জলাশয়গুলো থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে কচ্ছপ। --সংগৃহীত ছবি

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলসহ আশপাশের খাল-বিল, নদী-নালা ও জলাশয়গুলো থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে কচ্ছপ। প্রাকৃতিক জলাশয় ভরাট, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং আবাসস্থল সংকুচিত হয়ে পড়ায় আগের মতো আর কচ্ছপের দেখা মিলছে না। ফলে বংশপরম্পরায় কচ্ছপ ধরে নিজেদের খাদ্য চাহিদা মেটানো ও তা বিক্রি করে জীবিকা নির্বাহ করা রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী—বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মানুষগুলো চরম বিপাকে পড়েছেন। জীবিকার তাগিদে এখন তারা বাধ্য হয়ে অন্য পেশায় ঝুঁকছেন।

​স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্য ও খাদ্যাভ্যাসে কচ্ছপের মাংস অত্যন্ত সুস্বাদু ও প্রিয় খাবার হিসেবে পরিচিত। পাশাপাশি স্থানীয় হাট-বাজার ও নির্দিষ্ট ক্রেতাদের কাছে কচ্ছপ বিক্রি করে তাদের সংসারের বড় একটি অংশ চলত। 

বর্ষা ও শরৎকালে কোমরে জালের থলে বেঁধে খাল-বিলের কাদা-পানি ও ঝোপঝাড় হাতড়ে কচ্ছপ শিকার করাই ছিল তাদের নিয়মিত দৃশ্য। কিন্তু এখন দিনভর খুঁজেও একটি বা দুটি কচ্ছপ পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।  

​রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ও তানোর উপজেলার সরনজাই এলাকার সাঁওতালদের ভাষ্য অনুযায়ী, এক সময় বাড়ির পাশের নালা বা বিলেই প্রচুর কচ্ছপ পাওয়া যেত। নিজেদের খাবারের পাশাপাশি সেগুলো বিক্রি করে ভালো আয় হতো। কিন্তু এখন জলাশয় শুকিয়ে যাওয়া ও বিষাক্ত কীটনাশকের কারণে কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে।

​জীবিকার এই সংকট নিয়ে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া এলাকার সাঁওতাল শিকারি সুবল সরেন বলেন, "আগে সকালে বের হলে দুপুরের মধ্যেই থলে ভরে কচ্ছপ নিয়ে ফিরতাম। নিজেদের খাওয়ার পরও বিক্রি করে সংসার চলত। এখন সারাদিন কাদা-পানিতে ঘুরেও খালি হাতে ফিরতে হয়। পেটের দায়ে এখন কৃষি দিনমজুরি বা ভ্যান চালানোর মতো অন্য কাজে যেতে হচ্ছে।


​একই এলাকার আরেক শিকারি রবিন হাঁসদা জানান, "কচ্ছপ আমাদের খুব পছন্দের খাবার। আগে কচ্ছপ ধরে বাড়িতে রান্না করতাম, বাড়তি হলে বিক্রি করতাম। এখন খাল-বিলে পানি কমে গেছে, ওষুধের কারণে কচ্ছপও নেই। বাধ্য হয়ে এখন অন্যের জমিতে কামলা খাটছি।


​তানোর উপজেলার সরনজাই এলাকার বাসিন্দা মঙ্গলা মার্ডি বলেন, "বাপ-দাদার আমল থেকে বিল-নালায় কচ্ছপ ধরেছি। এখন আর আগের মতো পাওয়া যায় না। সংসার চালাতে হলে আমাদের অন্য পেশায় যেতেই হবে, কিন্তু নতুন কাজে দক্ষতা না থাকায় আয় খুব কম।


​সাঁওতাল সমাজের স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন মহলের মতে, কচ্ছপ শুধু তাদের খাদ্যাভ্যাসের অংশ নয়, এটি তাদের দীর্ঘদিনের জীবিকার সাথেও জড়িত ছিল। তবে বর্তমান বাস্তবতায় প্রাকৃতিক উৎস কমে যাওয়া এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিধিনিষেধের কারণে এই পেশায় টিকে থাকা আর সম্ভব হচ্ছে না।


​এ বিষয়ে পরিবেশবাদী ও স্থানীয় গবেষকরা মনে করেন, জলাশয়ের জীববৈচিত্র্য ও কচ্ছপ রক্ষার পাশাপাশি এই প্রান্তিক সাঁওতাল জনগোষ্ঠীকে টেকসই বিকল্প পেশায় যুক্ত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে বিশেষ প্রশিক্ষণ ও পুনর্বাসন সহায়তা দেওয়া জরুরি। তা না হলে ঐতিহ্যবাহী এই জনগোষ্ঠী আরও বড় অর্থনৈতিক সংকটে পড়বে।