নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা

Fourth meeting of the Minimum Wage Board
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন
নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা
--সংগৃহীত ছবি

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হওয়া এ বৈঠকে উপস্থিত রয়েছেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন ও মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।

এছাড়া বিশেষজ্ঞ হিসেবে মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল ও শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় অংশ নিয়েছেন।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

বোর্ডের প্রথম সভা হয় ৪ নভেম্বর। এরপর ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়।

গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভার তারিখ নির্ধারিত ছিল, যেখানে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সভার কয়েক ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়।

স্থগিত থাকা সেই সভা সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

সোমবারের সভায় মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার প্রস্তাব সংশোধন করে ২২ হাজার টাকা প্রস্তাব করে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আজ চতুর্থ সভায় বসেছে বোর্ড।