ন্যায্য পাওনা চাওয়ায় মিথ্যা মামলা ও চার্জশিট: নিরপেক্ষ তদন্তের দাবিতে ক্ষুব্ধ গ্রামীণফোনের সাবেক কর্মীরা
গ্রামীণফোনের ৫ শতাংশ মুনাফার অংশ ও বিলম্বজনিত বকেয়া পাওনা আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে অপরাধ হিসেবে চিত্রিত করার অপচেষ্টা এবং দায়ের করা মামলার অভিযোগপত্রকে (চার্জশিট) ‘একপেশে ও বানোয়াট’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা।
তাঁদের অভিযোগ, গ্রামীণফোন কর্তৃপক্ষের দেওয়া বক্তব্যকে প্রাধান্য দিয়ে এই চার্জশিট সাজানো হয়েছে; যেখানে আন্দোলনকারীদের বক্তব্য, পুলিশের বলপ্রয়োগ এবং ঘটনাস্থলের প্রকৃত ভিডিও ফুটেজ সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে।
সাবেক কর্মীদের পাঠানো এক প্রতিবাদলিপিতে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪ ধারায় উল্লেখিত মুনাফার অংশগ্রহণসংক্রান্ত আইনগত অধিকার ও সংশ্লিষ্ট বকেয়া পাওনা আদায়ের দাবিতে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোন হাউসের সামনে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
তাঁদের দাবি, সেদিন কোনো উসকানি ছাড়াই পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে এবং তিন নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও তাঁদের অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করা হয়েছে।
প্রতিবাদলিপিতে চার্জশিটের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, এতে ১৫০ থেকে ২০০ জনের জোরপূর্বক গ্রামীণফোন হাউসে প্রবেশ এবং গেট বন্ধ করে প্রায় এক হাজার কর্মীকে দীর্ঘ সময় অবরুদ্ধ রাখাসহ নানা কাল্পনিক অভিযোগ আনা হয়েছে। কিন্তু এসব অভিযোগের সপক্ষে নিরপেক্ষ ও সুনির্দিষ্ট প্রমাণ কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক কর্মীরা।
তাঁদের ভাষ্যমতে, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ, আন্দোলনকারীদের ধারণ করা ভিডিও এবং নিরপেক্ষ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। এমনকি এই মামলার সঙ্গে ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের কর্মীদের পদত্যাগের ইতিহাস টেনে আনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
সাবেক কর্মীরা স্পষ্ট ভাষায় জানান, তাঁদের এই আন্দোলন চাকরি ফিরে পাওয়ার জন্য নয়; বরং আইনানুগ বকেয়া পাওনা আদায়ের জন্য।
আন্দোলনকারীদের ৭ দফা দাবি:-
নিরপেক্ষ ও সুষ্ঠু বিচারের স্বার্থে প্রতিবাদলিপিতে সাত দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঘটনার সময়কার সব ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিরপেক্ষ পর্যালোচনা, পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা তদন্ত, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বক্তব্য সঠিকভাবে মূল্যায়ন এবং প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে পৃথক ও সুনির্দিষ্ট প্রমাণ যাচাই করা।
এদিকে, রাজশাহীতে অবস্থানরত গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারী মো. মোরাদ হোসেন, ইকরামুজ্জামান খান, শামী উদ্দীন, আসিফ হোসেন, সুলতান মাহমুদ, মহিবুল হাসান, অসীম কুমার, মশিউর রহমান, শাহরিয়ার মতিন, আলতাফ গওহোর ও আতাউস সালাম এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতেই এই বানোয়াট চার্জশিট দেওয়া হয়েছে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সাবেক কর্মীরা কোনো প্রতিষ্ঠানের ক্ষতি বা প্রতিহিংসা চান না, তবে অধিকার আদায়ের আন্দোলনকে অপরাধ বানানোর অপচেষ্টা মেনে নেওয়া হবে না। কেবল একপক্ষীয় অভিযোগকে প্রমাণ হিসেবে বিবেচনা না করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। তাঁদের দাবি—‘৫ শতাংশ আমাদের আইনানুগ অধিকার, ন্যায়বিচার আমাদের দাবি। সত্য উদ্ঘাটন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।’