রসের সংকটেও বাজারে খেজুর গুড়ের জোয়ার: কৃত্রিম ঘ্রাণে প্রতারণা, ধুঁকছে রাজশাহীর ঐতিহ্য
শীতের শুরুতে রাজশাহীতে খেজুরের রসের সরবরাহ এখনো পুরোদমে জমে ওঠেনি। তবুও জেলার চারঘাট, বাঘা ও পুঠিয়ার হাট-বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে ‘খেজুরের গুড়ের’ সরবরাহ।
অনুসন্ধানে জানা গেছে, খেজুরের রসের তীব্র সংকটের সুযোগ নিয়ে মৌসুমি অসাধু চক্র অপরিশোধিত চিনি, চিনিকলের চিটাগুড়, আটা, মিষ্টির ঝোল, কাপড়ের রং, রাসায়নিক উপাদান ও কৃত্রিম খেজুরের সুগন্ধি মিশিয়ে রাতারাতি তৈরি করছে শত শত মণ ভেজাল গুড়। দেশের বিভিন্ন প্রান্তে এসব গুড় আসল খেজুরের গুড় হিসেবে ছড়িয়ে পড়ায় একদিকে প্রতারিত হচ্ছেন ক্রেতা, অন্যদিকে মারাত্মক জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে রাজশাহীর ঐতিহ্যবাহী গুড়ের সুনাম।
দেড় শতাধিক কারখানায় রাতারাতি উৎপাদন:-
স্থানীয় সূত্র ও সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, প্রতি শীতেই চারঘাট, বাঘা ও পুঠিয়ার বিভিন্ন গ্রামে সক্রিয় হয়ে ওঠে ভেজাল গুড় তৈরির চক্র। মৌসুমি ব্যবসায়ীরা বাইরে থেকে ভাড়াটে কারিগর এনে অন্তত দেড় শতাধিক অস্থায়ী কারখানা গড়ে তুলেছেন। প্রতিটি কারখানায় প্রতিদিন ২০০ থেকে ৩০০ কেজি পর্যন্ত ভেজাল গুড় তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চারঘাটের মেরামতপুর, কাঁকড়ামারী, বাসুদেবপুর, রায়পুর ও ডাকরা; বাঘার আড়ানী, রুস্তমপুর, বাউসা ও মনিগ্রাম এবং পুঠিয়ার বানেশ্বর, জিউপাড়া, বেলপুকুর ও ঝলমলিয়া এলাকায় এসব কারখানার বিস্তৃতি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, লোকচক্ষুর আড়ালে বা নির্জন এলাকায় কড়াই বসিয়ে দ্রুততম সময়ে গুড় তৈরি করে তা ভোরেই তুলে দেওয়া হচ্ছে স্থানীয় হাট ও পাইকারি আড়তে।
কড়াইয়ে চিনি-চিটাগুড়, সঙ্গে কৃত্রিম ঘ্রাণ:-
ভেজাল গুড় তৈরির প্রক্রিয়া অত্যন্ত সহজ ও স্বল্প খরচের হওয়ায় মুনাফার লোভ সামলাতে পারছেন না অসাধু ব্যবসায়ীরা। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বড় কড়াইয়ে অপরিশোধিত চিনি ও চিনিকলের চিটাগুড় জ্বাল দেওয়া হয়। এর সঙ্গে পরিমাণমতো আটা, মিষ্টির ঝোল, ভেষজ নির্যাস, কাপড়ের রং, রাসায়নিক উপাদান এবং তীব্র কৃত্রিম খেজুরের সুগন্ধি মেশানো হয়। পরে তা জমাট বাঁধিয়ে বা পাটালির আকৃতি দিয়ে বাজারে ছাড়া হয়। অথচ এর মূল উপাদান খেজুরের রসের উপস্থিতিই নেই।
গাছ কমলেও উৎপাদন বেড়ে যাওয়ার অসংগতি:-
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জেলায় খেজুরগাছের সংখ্যা ১১ লাখ ৮ হাজার ১৮টি। এর মধ্যে পুঠিয়ায় ৫ লাখ ৮ হাজার ১৮টি, চারঘাটে ১ লাখ ৮০ হাজার ২৭৫টি এবং বাঘায় ১ লাখ ২০ হাজার ৫১২টি গাছ রয়েছে।
কৃষি সংশ্লিষ্টদের মতে, গাছের সংখ্যা ও মৌসুমের শুরুতে রসের স্বাভাবিক প্রাপ্যতার সঙ্গে বাজারে গুড়ের সরবরাহের বড় ধরনের অসংগতি রয়েছে। পুঠিয়ার বানেশ্বর বাজারে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১১০ টন গুড় কেনাবেচা হয়, যা সাপ্তাহিক বড় হাটের দিনে ১২০ থেকে ১৫০ টনে গিয়ে দাঁড়ায়। এর বাইরে চারঘাট, বাঘা ও পুঠিয়ার অন্যান্য হাটেও প্রতিদিন বিপুল পরিমাণ গুড়ের লেনদেন হয়। গাছের হিসাব ও রসের ঘাটতির বিপরীতে এই বিপুল সরবরাহই ভেজাল উৎপাদনের বড় প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভিযানে জরিমানা, পরদিনই ফের সক্রিয় চক্র:-
ভেজাল গুড়ের বিরুদ্ধে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও তা স্থায়ীভাবে কারবার বন্ধ করতে পারছে না। গত ১৫ নভেম্বর বাঘার পীরগাছা এবং ১৩ নভেম্বর রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে চারঘাটের মেরামতপুরে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান ধ্বংস করা হয়।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জরিমানা ও সাময়িক অভিযানের পরদিনই অধিকাংশ কারখানা আবার চালু হয়ে যায়। লঘু দণ্ড বা জরিমানার অঙ্কের চেয়ে ভেজাল গুড় বিক্রির লাভ বেশি হওয়ায় ব্যবসায়ীরা ঝুঁকি নিতে দ্বিধা করছেন না বলে মনে করছেন সচেতন মহল।
কোণঠাসা গাছি, ঝুঁকিতে কোটি টাকার বাজার:-
ভেজাল গুড়ের দৌরাত্ম্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত গাছি ও প্রান্তিক কৃষকরা। চারঘাটের রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, "কৃত্রিম সুগন্ধি মেশানো ভেজাল গুড়ে ঘ্রাণ বেশি হওয়ায় অনেক ক্রেতা বিভ্রান্ত হচ্ছেন। ফলে প্রকৃত খেজুরের গুড় উৎপাদকরা ন্যায্য দাম পাচ্ছেন না।
বাঘার মীরগঞ্জ এলাকার গাছি রফিকুল ইসলাম জানান, খাঁটি খেজুরের গুড় তৈরি করা সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য কাজ। কিন্তু কারখানাগুলো অল্প সময়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরি করে বাজার দখল করায় প্রকৃত উৎপাদকরা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।
অনলাইনভিত্তিক অর্গানিক গুড় বিক্রেতা ওবাইদুর রহমান রিগেন বলেন, "একসময় রাজশাহীর নাম শুনেই ক্রেতারা খেজুরের গুড় কিনতে আগ্রহ দেখাতেন। এখন ভেজাল গুড়ের কারণে অনেকেই আস্থা হারিয়েছেন। বাজারে কম দামের ভেজাল গুড় থাকায় খাঁটি গুড়ের প্রকৃত মূল্যও পাওয়া যাচ্ছে না।
পুঠিয়ার বানেশ্বর বাজারের পাইকারি ব্যবসায়ী মাসুদ রানা বলেন, "অনিয়ন্ত্রিত ভেজাল উৎপাদনের কারণে রাজশাহীর কোটি টাকার গুড়ের বাজার ঝুঁকির মুখে পড়েছে। এভাবে চলতে থাকলে দেশের বড় বাজারগুলোতেও রাজশাহীর গুড়ের গ্রহণযোগ্যতা কমে যাবে।
কিডনি-লিভারের ঝুঁকি, প্রশাসনের নজরদারি বাড়ানোর আশ্বাস:-
ভেজাল ও রাসায়নিক মেশানো গুড় মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, "অননুমোদিত রাসায়নিক উপাদান মিশ্রিত গুড় খেলে আলসার, ডায়রিয়া, কলেরাসহ পেটের নানা রোগ হতে পারে। দীর্ঘদিন এ ধরনের গুড় খেলে কিডনি, লিভার ও হৃদ্যন্ত্রেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। শিশুদের জন্য এ ধরনের খাদ্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, "নিম্নমানের অপরিশোধিত চিনি ও চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করায় প্রকৃত উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের সুনাম নষ্ট হচ্ছে।
এদিকে প্রশাসন বলছে, ভেজাল রোধে অভিযান অব্যাহত রয়েছে। বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, "খেজুরের রস ছাড়াই গুড় তৈরির কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানার পাশাপাশি জব্দ করা ভেজাল গুড় ও রাসায়নিক উপাদান ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং খেজুরের গুড়ে ভেজাল বন্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
সব মিলিয়ে, মৌসুমি ভেজাল চক্রের বিরুদ্ধে কেবল জরিমানা নয়, বরং কঠোর আইনগত ব্যবস্থা, নিয়মিত তদারকি ও প্রকৃত গাছিদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে রাজশাহীর খেজুরের গুড়ের ঐতিহ্য ও জনস্বাস্থ্য—উভয়ই বড় সংকটে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।