জনবলসংকটে বাড়ছে ঝুঁকিঃ মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে পশ্চিমাঞ্চল রেলের অরক্ষিত লেভেল ক্রসিং
পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন প্রায় দুই হাজার কিলোমিটার রেলপথে অবস্থিত ১ হাজার ৮০০টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ১ হাজার ২২৬টিতেই কোনো গেটম্যান নেই। ফলে অঞ্চলটির প্রায় দুই-তৃতীয়াংশ রেলক্রসিংই সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পড়ে আছে।
রেলওয়ের অনুমোদিত ১ হাজার ৩০১টি বৈধ ক্রসিংয়ের মধ্যেও ৭২৭টিতে নেই কোনো নিরাপত্তাকর্মী। এর পাশাপাশি রেলওয়ের অনুমতি ছাড়াই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিটি করপোরেশন ও বিভিন্ন পৌরসভার তৈরি করা অন্তত ৪৮৭টি অবৈধ লেভেল ক্রসিং এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
পরিসংখ্যান বলছে, অরক্ষিত এসব ক্রসিংয়ের কারণে রেলপথে দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। ২০২৫ সালে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন ক্রসিংয়ে ৯টি দুর্ঘটনা ঘটলেও চলতি ২০২৬ সালের প্রথম আট মাসেই ঘটেছে ১৪টি দুর্ঘটনা।
বিশেষ করে চলমান শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে আসায় এসব অরক্ষিত ক্রসিংয়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের মোট ১ হাজার ৮০০টি লেভেল ক্রসিংয়ের মধ্যে গেটম্যান নিয়োজিত আছেন মাত্র ৫৭৪টিতে। ফলে ৭২৭টি বৈধ এবং ৪৮৭টি অবৈধ ক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় কোনো সতর্কসংকেত বা ব্যারিয়ার ফেলার ব্যবস্থা নেই।
এমনকি যেসব গেটে জনবল রয়েছে, সেখানেও তীব্র সংকটের কারণে কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়ছে।
জনবলসংকটের ভয়াবহ চিত্র তুলে ধরে পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী সেকশনের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, ‘সারা দেশের মতো রাজশাহী অঞ্চলেও গেটম্যানের তীব্র স্বল্পতা রয়েছে। বড় গেটগুলোতে ৬ জন গেটম্যান থাকার কথা থাকলেও মাত্র ৩ জন দিয়ে কাজ চালাতে হচ্ছে। আবার সাধারণ গেটগুলোতে ৩ জনের স্থলে কোথাও কোথাও ২ জন গেটম্যানকে টানা ১২ ঘণ্টা করে ডিউটি করতে হচ্ছে। গেটম্যান সংকটের কারণে জরুরি প্রয়োজনেও গেটম্যানদের ছুটি দেওয়া সম্ভব হয় না; অনেক ক্ষেত্রে রেললাইন রক্ষণাবেক্ষণকারী “ওয়েম্যান”দের দিয়েও গেটম্যানের কাজ করানো হচ্ছে। দ্রুত নতুন গেটম্যান নিয়োগ দেওয়া না হলে এই সংকট সমাধান করা সম্ভব নয়।’
অন্যদিকে, অরক্ষিত ক্রসিংগুলোতে ট্রেনের হুইসেল কিংবা শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরাই অনেক সময় স্বেচ্ছাশ্রমে রাস্তায় দাঁড়িয়ে যানবাহন থামানোর চেষ্টা করেন।
রাজশাহী নগরীর বহরমপুর এলাকার বাসিন্দা ফারজানা ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রেললাইন পার হতে সব সময় আতঙ্কে থাকতে হয়। ক্রসিংয়ে গেট বা সংকেতবাতি না থাকায় দূর থেকে ট্রেন আসছে কি না, তা বোঝা যায় না। মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে দ্রুত এসব ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়া জরুরি।’
স্থানীয় পর্যায়ে সড়ক অবকাঠামো উন্নয়নের সময় রেলওয়ের নিয়মনীতির তোয়াক্কা না করেই রেললাইনের ওপর দিয়ে অসংখ্য পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, সবচেয়ে বেশি অবৈধ ক্রসিং তৈরি করেছে এলজিইডি। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশন, বিভিন্ন পৌরসভা এবং স্থানীয় প্রভাবশালীরাও ব্যক্তিগত উদ্যোগে রেললাইনের ওপর দিয়ে যাতায়াতের পথ তৈরি করেছেন। কোথাও কোথাও ১০০ গজের ব্যবধানেও একাধিক ক্রসিং গড়ে উঠেছে।
তবে অনুমতি না নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা। তিনি বলেন, ‘উপজেলা, ইউনিয়ন বা গ্রামীণ সড়ক নির্মাণের সময় জনস্বার্থেই রেললাইন অতিক্রম করতে হয়। নিয়ম অনুযায়ী রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করে এবং অনাপত্তিপত্র (এনওসি) নিয়েই সড়ক উন্নয়নকাজ করা হয়।’
সড়ক ও রেলপথের এই ঝুঁকি কমাতে সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহীর সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘রেল আইনে নিজ দায়িত্বে পারাপারের কথা বলে কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। শীতের ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ক্রসিংগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ডিজিটাল সতর্কসংকেত এবং ট্রেন আসার সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে নেমে যাবে—এমন আধুনিক ব্যারিয়ার স্থাপন করতে হবে। এ জন্য রেলওয়ে ও সড়ক নির্মাণকারী সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।’
সার্বিক বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘পশ্চিমাঞ্চল রেলে ৪৮৭টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে, যা বিভিন্ন সংস্থা আমাদের অনুমতি ছাড়াই তৈরি করেছে। এসব অবৈধ গেট নির্মাণকারীদের বিরুদ্ধে এজাহার দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘অনেক বৈধ ক্রসিংয়ে আগে কাঁচা রাস্তা থাকলেও পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থা তা পাকা করেছে। এতে যানবাহনের চাপ বহুগুণ বাড়লেও রেলওয়ের অনুমতি নেওয়া হয়নি। উন্নয়নকাজের আগে রেলওয়ের সঙ্গে সমন্বয় করা হলে দুর্ঘটনার হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব হতো।’