শীব চতুর্দশী মেলা শুরু, চন্দ্রনাথে পুণ্যার্থীদের ভিড়

Shiv Chaturdashi Mela
অনলাইন ডেস্ক ০৯ মার্চ ২০২৪ ০১:৫২ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৯ মার্চ ২০২৪ ০১:৫২ পূর্বাহ্ন
শীব চতুর্দশী মেলা শুরু, চন্দ্রনাথে পুণ্যার্থীদের ভিড়
শীব চতুর্দশী মেলা শুরু, চন্দ্রনাথে পুণ্যার্থীদের ভিড়

সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির দর্শনে ছুটছেন পুণ্যার্থীরা। শিবচতুর্দশী তিথিতে পূজা উপলক্ষে দেশ-বিদেশের তীর্থযাত্রীদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে এ সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্থান।

শুক্রবার (৮ মার্চ) শিব চতুর্দশী তিথি রাত ৮টা ৩৫ মিনিট ৪৫ সেকেন্ডে শুরু হয়ে শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত থাকবে। এর আগে থেকেই প্রায় ১২শ ফুট উঁচুতে পাহাড় চূড়ায় চন্দ্রনাথ মন্দির, স্বয়ম্ভুনাথ মন্দির, বীরূপাক্ষ মন্দিরে শিব দর্শন করেন পুণ্যার্থীরা। মন্দিরে যাওয়ার আগে ব্যাসকুণ্ডে স্নান করেন ভক্তরা।

এদিকে, তিথি উপলক্ষে শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। প্রতিবছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে এখানে তিনদিনের মেলা বসে। এবারের মেলায় প্রায় ১০ লাখ তীর্থযাত্রীর সমাগম হবে বলে ধারণা করছেন আয়োজকরা। শুক্রবার সীতাকুণ্ড স্রাইন এস্টেট প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জাগো নিউজকে জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বাড়বানল কুণ্ড, চন্দ্রনাথ ধামে ওঠার সড়কপথ, মন্দির সড়কপথ, মন্দির সড়ক থেকে চন্দ্রনাথধাম পর্যন্ত এলাকায় ৪৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় বসানো হচ্ছে পাঁচটি ওয়াচ টাওয়ার।

মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, মন্দির সড়ক উন্নয়নের কাজ চলছে। তাই তীর্থযাত্রীদের সতর্কতা অবলম্বন করতে হবে।