কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা জজ সাইফুল ইলাহী
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার অপরাহ্নে কক্সবাজারের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন আইন ও বিচার বিভাগের স্বাভাবিক নির্দেশনা অনুযায়ী তাঁর কাছে দায়িত্ব অর্পন করেন।
বিজয় বাংলা নিউজ কে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আববাস উদ্দিন উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব নেওয়া বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী বিজেএস (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) তৃতীয় ব্যাচের একজন মেধাবী সদস্য। তিনি ২০০৮ সালের মে মাসে রাঙ্গামাটি বিচার বিভাগে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে সরকারি চাকুরীতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে কিশোরগঞ্জের সহকারী জজ, কক্সবাজারের চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, খুলনার কয়রা উপজেলার সিনিয়র সহকারী জজ, সিরাজগঞ্জ ও রাঙ্গামাটিতে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এরপর নেত্রকোনা জেলা জজশীপে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসাবে চাকুরীরত অবস্থায় ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে পদোন্নতি দিয়ে বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহীকে কক্সবাজার জজশীপে পদায়ন করা হয়। একই সালের ১০ অক্টোবর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হিসাবে কক্সবাজারে যোগ দিয়ে অদ্যাবধি তিনি দায়িত্ব পালন করছেন। এছাড়াও আরো একাধিকবার তিনি কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা মোহাম্মদ সাইফুল ইলাহী সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছুয়া এ.কে একাডেমি থেকে ১৯৯৫ সালে এসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ষষ্ঠ ব্যাচে এলএলবি অনার্স সহ এমএলএম সম্পন্ন করেছেন কৃতিত্বের সাথে।