ভাটারায় স্কুলবাসে আগুন

School bus catches fire in Bhatara
অনলাইন ডেস্ক ০৮ নভেম্বর ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৮ নভেম্বর ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ন
ভাটারায় স্কুলবাসে আগুন
রাজধানীর ভাটারা থানার ১০০ ফিটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা থানার ১০০ ফিটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ১০০ ফিটে অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের বাসটি দাউদাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

আজ এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুনের প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতোমধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও অঙ্গ-সংগঠনের সদস্যরাও রয়েছে।

তিনি জানান, সার্বিক বিষয় পর্যালোচনা করে এটা স্পষ্ট যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা ও আতঙ্ক ছড়াতে এসব কাজ করছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডিএমপির অপারেশনাল কার্যক্রম ও পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আতঙ্ক দূর করতে ডিএমপির মোবাইল পার্টি ও পিকেট ডিউটির পাশাপাশি কড়া নজরদারি বজায় রাখা হয়েছে।

ককটেল তৈরির উপাদানগুলো কোথায় বানানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, এর আগেও ককটেল তৈরির উপাদান ও বিস্ফোরকদ্রব্যসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার উদ্দেশ্যে পেট্রোল পাম্প বা অন্য কোথাও থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা মনিটর করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে কারা নাশকতার উদ্দেশ্যে এসব দাহ্য পদার্থ সংগ্রহ করছে, তাদের শনাক্ত করতে ডিএমপির অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।