৯৯৯-এ কল পেয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

999 caller arrested
অনলাইন ডেস্ক ২৭ মার্চ ২০২৪ ০৮:৪৬ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ২৭ মার্চ ২০২৪ ০৮:৪৬ পূর্বাহ্ন
৯৯৯-এ কল পেয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর তেজগাঁও থেকে বিদেশগামী এক ব্যক্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. রাজু ও মো. নাজমুল।

বুধবার(২৭ মার্চ) সকালে তেজগাঁও থানার বিজয় সরণি মোড়ের কলমিলতা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তার দুজনই পেশাদার ছিনতাইকারী। উভয়ের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে রাজু একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তারা মূলত নিম্নবিত্ত বিদেশগামী যাত্রীদের টার্গেট করত। যারা শ্রমিক হিসেবে কাজের জন্য মধ্যপ্রাচ্যে যান তারাই এদের মূল টার্গেট। এসব মানুষ সাধারণত সহজ-সরল হয়ে থাকেন। তাই তারা আসার সঙ্গে সঙ্গে প্রথমে তাদের পুলিশ পরিচয়ে আটকাত রাজু ও নাজমুল। এরপর ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত। এই ছিনতাইকারী চক্রটি সাধারণত ৫০০ বা ১০০০ এমন স্বল্প পরিমাণ টাকা ছিনতাই করত। এর কারণ অল্প টাকা ছিনতাই করলে ভুক্তভোগীরা আর অভিযোগ করত না।

ওসি মোহাম্মদ মহসিন আরও জানান, আজ সকালে আল আমিন নামে একজন সৌদি আরবগামী ব্যক্তি মেডিকেল পরীক্ষার জন্য ঢাকায় আসেন। এ সময় পুলিশ পরিচয়ে তাকে একটি সিএনজিতে তোলে রাজু ও নাজমুল। পরে তার কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এসময় আল আমিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে। পরে ৯৯৯-এ ফোন করলে তেজগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের হয়েছে।