পাহাড়ে লেগেছে বৈসাবী উৎসবের রং
শঙ্কামুক্ত এবং সুখ সমৃদ্ধ মঙ্গলময় পৃথিবী কামনায় বান্দরবানের বালাঘাটা এলাকার সাঙ্গু নদীতে ফুল ভাসালেন চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা। এরই মধ্য দিয়ে বান্দরবানে শুরু হলো পাহাড়ের প্রাণের সামাজিক অনুষ্ঠান বৈসাবী।
শুক্রবার (১২ এপ্রিল) সকালে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের হাজারো শিশু-নারী ও পুরুষেরা গঙ্গা দেবীর উদ্দেশ্যে সাঙ্গু নদীতে ফুল নিবেদন করেন।
আয়োজকরা জানায়, নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায় জানানোর সামাজিক এই উৎসবকে চাকমা সম্প্রদায় বিজু এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বৈসু নামে পালন করে আসছে যুগ যুগ ধরে। এবার তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে বান্দরবান জেলার পাহাড়ি পল্লীগুলোতে।
উৎসবের প্রথমদিনে পার্বত্য চট্টগ্রামের চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা ভোর বেলায় ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে ঘুরে ফুল সংগ্রহ করেন। সংগ্রহের পর ফুলের একটি অংশ মন্দিরে গৌতম বুদ্ধের প্রার্থনায় ব্যবহার করেন।
আরেকটি অংশ পানির দেবী গঙ্গা মা'য়ের চরণে বিশ্ববাসীর শান্তি ও মঙ্গলময় সুন্দর জীবন গড়তে নদীতে ভাসানো হয় বা অর্পন করা হয়।
এ সময় চাকমা তরুণী কল্পনা চাকমা ও তঞ্চঙ্গ্যা তরুণী রুপস্রী তঞ্চঙ্গ্যা বলেন, উৎসবের প্রথমদিনে নদীতে ফুল ভাসানোর মাধ্যমে পুরনো বছরের যতসব অমঙ্গল এবং দু:খকষ্ট গ্লানি ভাসিয়ে দেয়া হয়। ধুয়ে মুছে ফুল দিয়ে ঘর সাজানোর মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করা হয়। এটি আমাদের ঐতিহ্যগত উৎসব যুগযুগ ধরেই পালন করে আসছে।
এছাড়াও পাহাড়ি পল্লী গুলোতে বাড়িতে বাড়িতে চলে ঐতিহ্যবাহী পাচন'সহ মজাদার সব খাবার তৈরি করে চলে অতিথিদের আপ্প্যায়ন। বিহারগুলোতে ধর্মীয় প্রার্থনা, বয়স্কদের প্রণাম করে আর্শীবাদ গ্রহণ। দল বেধে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা ঘুরে বেড়ানো আনন্দ করা।
বিজু-বৈসু উৎসব আয়োজক কমিটির সমন্বয়ক সাংবাদিক ও উজ্জল তঞ্চঙ্গ্যা বলেন, পাহাড়ে চাকমাদের বিজু ও তঞ্চঙ্গ্যাদের বৈসু উৎসব প্রধান সামাজিক উৎসব। এই উৎসবে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে তিনদিন ব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে এবারও।
নদীতে ফুল ভাসানো ছাড়াও চাকমাদের ঐতিহ্যবাহী খেলা নাটিং এবং বাশঁআহরণ প্রতিযোগিতা রয়েছে। সাংস্কৃতিক আয়োজনে মাতানো হয় চাকমা পল্লীগুলো। অন্যদিকে তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলবে বলেও জানান তিনি।