আকাশচুম্বী ইলিশের দাম, খালি হাতে ফিরছেন ক্রেতারা
বরিশালে বাংলা নববর্ষ উপলক্ষে আকাশচুম্বী ইলিশের দাম। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, ১ কেজির বেশি ওজনের ইলিশের কেজি প্রতি দাম নিচ্ছে ২৫০০ টাকা। এক কেজির কম ওজনের কেজি প্রতি দাম নিচ্ছে ২২০০ টাকা।
নববর্ষ ঘিরে বাজারে যেমন বেড়েছে ইলিশের চাহিদা, ঠিক তেমনি বেড়েছে এর দাম। দাম শুনে খালি হাতেই ফিরে যেতে বাধ্য হচ্ছে ক্রেতারা। এ কারণে ইলিশের স্বাদ নেয়া থেকে বঞ্চিত হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা।
পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ হোসেন বলেন, আগামীকাল পহেলা বৈশাখ পরিবারের সবাইকে নিয়ে প্রথম প্রহরে প্রতি বছরই পান্তা ইলিশ খাই আমরা। এই বছর বাজারে এসে ইলিশের দাম দ্বিগুণ দেখে খালি হাতেই বাড়ি যাচ্ছি। যে ইলিশ কিছুদিন আগেও ১২০০ টাকা কেজিতে ক্রয় করেছি তা এখন দ্বিগুণ হয়ে ২৫০০ টাকায় বিক্রয় করছে মাছ ব্যবসায়ীরা।
অপরদিকে খুচরা বাজারে বিক্রেতারা বলেন, ঈদ ও অবহেলা বৈশাখ দুই উৎসব মিলে এখন মাছের দাম অনেক বেড়ে গেছে। চৈত্র মাসে মাছের দাম একটু বেশিই থাকে। আমাদেরকে পাইকারি বাজার থেকে মাছ বেশি দামে কিনতে হয়। তাই এখন বিক্রয় করতে হচ্ছে বেশি দামে।
বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, দেশে ইলিশের অভয়াশ্রম ৬টি। এর মধ্যে ৪টি বরিশাল বিভাগে। এর ভেতর তিনটিতে এখন ইলিশ শিকার নিষিদ্ধ। বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ সহ দশমিনা, গলাচিপা, ভোলা এসব অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাসে ইলিশ শিকার নিষিদ্ধ থাকায় ইলিশের সরবরাহ কম।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাজারে গেলেই মাছ পাওয়া যাচ্ছে। তবে দাম অনেক বেশি হওয়ায় ক্রয় করা সম্ভব নয়। বাজারগুলোতে দরকার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ। সরাসরি বাজার কন্ট্রোল ও মনিটরিং করার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
বরিশালে ইলিশের আড়ৎতে খবর নিয়ে জানা যায়, এক কেজি ওজনের ইলিশের পাইকারি দাম প্রতি মণ ১ লাখ টাকার উপরে। ১২০০ গ্রাম ওজনের ইলিশ দাম প্রতি মণ ১ লাখ ১০ থেকে ২০ হাজার টাকা। ১ কেজি ওজনের দাম প্রতি মণ ৯৫ হাজার টাকা থেকে এক লাখ টাকা । ৫০০-৭০০ গ্রাম ওজনের দাম প্রতি মণ ৭৫ হাজার টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি মণ ৫৫ হাজার টাকা। তাই এখন খুচরা বাজারে ইলিশের দাম আরও বেশি।