পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ
Two children are missing after taking a bath
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিক অবস্থায় নিখোঁজ দুই শিশুর নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজনের বয়স আট বছর এবং একজনের বয়স ১০ বছর বলে জানা গেছে। নিখোঁজ শিশুদের উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গেছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, খবর পাওয়া মাত্রই ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছামাত্রই উদ্ধার অভিযান শুরু হবে।