কক্সবাজারে পেশাদার অস্ত্র ব্যবসায়ি 'ছবুর' গ্রেফতার
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকা থেকে দেশীয় তৈরী ২টি এলজি সহ একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ি গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয় বাংলা কে র্যাব জানিয়েছে, গত ৩১ মে ২০২৪ রাত ২টায় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল টইটং ইউনিয়নের পেকুয়া-বাঁশখালী রোড টইটং বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য পায় উক্ত বাজারস্থ একটি কুলিং কর্নারের সামনে রাস্তার দক্ষিণ পাশে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যে র্যাবের আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছামাত্র একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে থাকা ১টি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতার ব্যক্তি আব্দুল ছবুর (৪৬), পিতা-আব্দুর রহমান, জয় নগর পাড়া (পশ্চিম চাম্বল), হাদিয়ার বাপের বাড়ি, ১নং ওয়ার্ড, ১০নং চাম্বল ইউনিয়ন, বাঁশখালী, চট্টগ্রাম।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ছবুর একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ি। সে মহেশখালী থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উৎস হতে দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করে থাকে। পরে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন এলাকায় চাহিদানুযায়ী অস্ত্র সরবরাহের পাশাপাশি চিংড়ি ঘের ও লবনের মাঠ দখল-বেদখল কেন্দ্রিক সহিংসতাকারী ডাকাত দলের নিকট বিক্রি করে থাকে। এছাড়াও কোন কোন ক্ষেত্রে চট্টগ্রামস্থ বিভিন্ন উৎস হতেও দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করতো, যা পরবর্তীতে কক্সবাজারে নিয়ে এসে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিকট সরবরাহ দিতো বলে জানা যায়।