নার্সিং শিক্ষা বিশ্বমানের করতে হলে নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি

It is necessary to establish a nursing university
দেওয়ান মামুনূর রশিদ ২৮ জুন ২০২৪ ১২:০২ পূর্বাহ্ন মতামত
দেওয়ান মামুনূর রশিদ ২৮ জুন ২০২৪ ১২:০২ পূর্বাহ্ন
নার্সিং শিক্ষা বিশ্বমানের করতে হলে নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি
নার্সিং শিক্ষা বিশ্বমানের করতে হলে নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি

নার্সিং শিক্ষা প্রফেশনালি শুরু হয়েছে ‘লেডি ইউথ দ্য ল্যাম্প’ খ্যাত মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের হাত ধরে। কিন্তু নার্সিং সেবা শুরু হয়েছে হযরত মুহাম্মদ ( স.)-এর হাত ধরে, মহীয়সী নারী রুফাইদা আল-আসলামির (রা.) উদ্যোগে। পৃথিবীতে ফিল্ড হসপিটাল বা যুদ্ধকালীন হসপিটাল প্রতিষ্ঠার ক্ষেত্রে নবীজি ( স.) হলেন সর্বোচ্চ উদাহরণ। তিনিই প্রথম জেনারেল হসপিটাল প্রতিষ্ঠার উদ্ভাবক এবং পৃথিবীতে সুপারমার্কেট প্রতিষ্ঠার কনসেপ্টও তাঁর কাছ থেকে এসেছে। হযরত ওমর (রা.)-এর স্ত্রী উম্মে কুলসুম (রা.) একজন সুদক্ষ মিডওয়াইফের দায়িত্ব পালন করতেন। ওমর (রা.)- এর খেলাফতের সময় তিনি বিভিন্ন স্থানে নারীদের নারীদের প্রসবকালীন সময়ে গুরুত্বপূর্ণ সেবা প্রদান করেছেন, সেই ইতিহাস অনেকেরই জানা। সুতরাং চিকিৎসা পেশার ক্ষেত্রে নার্সিং সেবার গুরুত্ব কতটা ব্যাপক তা অনুভব করেই কিন্তু নবীজি (স.) রুফাইদা আল-আসলামি (রা.) কে যুদ্ধাহত সাহাবীদের কে নার্সিং সেবা দেয়ার জন্য অনুমতি প্রদান করেছেন। সে থেকেই তো শুরু হলো নার্সিং সেবার সম্প্রসারণ। কিন্তু আধুনিক নার্সিং সেবা ও শিক্ষা সম্প্রসারিত হয়েছে মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের হাত ধরে। সুতরাং নার্সিং সেবা এবং শিক্ষা যে কত ব্যাপক গুরুত্বপূর্ণ তা এই বিষয় নিয়ে একটু ভাবলে অবশ্যই অনুভব হয়। নার্সিং শিক্ষা যদি আমরা উন্নত করতে না পারি তাহলে সেবা উন্নত হবে না। এই যে, ভারতে গিয়ে মানুষ চিকিৎসা নিয়ে এসে তৃপ্তির হাসিটা দেয় এর কারণ কিন্তু ওখানকার উন্নত নার্সিং সেবা। ভারতের কেরালার নার্সরা তো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। মিয়ানমারের নার্সারাও অত্যন্ত দক্ষতার সাথে সেবা দিচ্ছে কারণ মিয়ানমারে নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে নার্সরা উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণ লাভ করেছে, বিশেষ করে প্রফেশনাল ট্রেনিং গ্রহণ করতে পেরেছে। তাঁদের আন্তরজাতিক ভাষাগত দক্ষতা অত্যন্ত উন্নত। এ বিষয়কে ভালো করে বুঝার জন্য সম্প্রতি আমি দুটি নার্সিং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, অগ্রগতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছি। এতে করে আমার মনে হয়েছে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নার্সিং শিক্ষা ও সেবাকে গড়ে তুলতে হবে অত্যন্ত চমৎকার পরিবেশে। তাছাড়া নার্সিং শিক্ষাকে ঘিরে গবেষণা এবং মানোন্নয়নের স্বার্থে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা দরকার, আর এই লক্ষ্যে প্রয়োজন ‘বাংলাদেশ নার্সিং বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা। 

নার্সিং শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তার লক্ষ্যে সম্প্রতি আমি যে দুটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং অর্জন নিয়ে পর্যবেক্ষণ করেছি তাহলো- University of Nursing, Mandalay, University of Nursing, Yangon. এছাড়া বিশ্বের আরো কয়েকটি নার্সিং বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি, বিশেষ করে তারা কোন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা লাভ করেছে এবং তাদের অর্জন ও উদ্যোগসমূহ কী ছিলো। সেগুলো হলো- ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডন, ইউনিভার্সিটি অব জনস হপকিন্স, কিংস কলেজ লন্ডন (স্কুল অব নার্সিং), কেপিজে হেলথ কেয়ার ইউনিভার্সিটি অব মালয়েশিয়া, ইউনিভার্সিটি অব দি ফিলিপাইন (কলেজ অব নার্সিং), কেরালা ইউনিভার্সিটি অব হেলথ সাইন্স, ভারত এই বিশ্ববিদ্যালয়টি পরিপূর্ণ নার্সিং শিক্ষা কেন্দ্রীক গড়ে উঠেছে।

রোগীর রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন লিখে দেয়া ডাক্তারের কাজ। কিন্তু রোগীর সেবা করা নয়, সময়মতো ইনজেকশন পুশ করা, ওষুধ খাওয়ানো, রোগীর সব ধরনের খোঁজখবর নেয়া, রোগীর চলাফেরায় সাহায্য করাথ এসব ডাক্তাররা করেন না। সপ্তাহে দুই-চারদিন রোগীর কাছে এসে রোগীর অবস্থা দেখে প্রেসক্রিপশন লিখে দেয়াই তাদের কাজ। অথচ রোগীকে রাত-দিন সেবা শুশ্রূষা দিয়ে যারা সুস্থ করে তোলে তারাই হলো নার্স বা সেবিকা। যাদের অনবরত সেবা, শ্রম ও ভালোবাসায় প্রতিদিন হাজার হাজার রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরে। যাদের সেবায় মানসিক রোগীর মতো জটিল রোগীকেও সারিয়ে তোলে, আমাদের দেশে তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান সন্তোষজনক নয় বরং হতাশাজনক। কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে তাদের পড়তে হয় নানা সমস্যায়। কর্মক্ষেত্রে হরহামেশায় শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়। অথচ দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোয় নার্সের সংকট তীব্র। ডাক্তারের পরই চিকিৎসার দ্বিতীয় কাতারে অতন্দ্র কর্মী হিসেবে কাজ করার কথা এ নার্সদের। এই কাজ সঠিকভাবে করতে পারেন একজন প্রশিক্ষিত নার্স। যার মন ও মানসিকতা সর্বদা মানবসেবার জন্য নিবেদিত। ফ্লোরেন্স নাইটিংগেল যুদ্ধাহতদের সেবা করার মহান কাজটি শুরু করেছিলেন। তারপর থেকেই নার্সিং পেশার ক্ষেত্র বিস্তৃত হতে থাকে। নার্সরা এখন আর শুধু যুদ্ধে আহতদের সেবাই করে না, প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে রোগীর সেবা-যতœ করে যাচ্ছে তারা। দিনে দিনে এ পেশা স্বীকৃতি পেয়েছে এক মহান পেশায়। অনেকের ধারণা, নার্সিং মেয়েদের পেশা। কিন্তু সময়ের সঙ্গে এ ধারণা পরিবর্তন হয়েছে। নার্সিংয়ে আজ শুধু মেয়েরা নয় ছেলেরাও রয়েছে। বিশ্বে এমন অনেক পেশা আছে যা এক সময় খুব ছোট করে দেখা হতো। এখন সময় পাল্টেছে ছোট করে দেখা সে পেশাগুলোর অনেক পেশারই চাহিদা এবং সম্মান রয়েছে। নার্সিং সেরকমই একটি পেশা। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক মানসম্পন্ন নার্সদের চাহিদা প্রচুর। আগামী ৫ বছরে শিল্পোন্নত কানাডা, ইউএসএ, ব্রিটেন, অস্ট্রেলিয়া এসব দেশে কমপক্ষে ২ লাখ নতুন নার্সের প্রয়োজন হবে। নার্সিং পেশা সর্বব্যাপী প্রসারিত। একজন আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেড নার্স বিশ্বের যে কোন দেশে ভালো বেতনে চাকরির সুযোগ পেয়ে থাকেন। আধুনিক নার্সেস প্রশিক্ষণে রয়েছে ২ শত বছরের অতীত ঐতিহ্য ও প্রাচীন ইতিহাস। লিন্ডা রিচার্ডস আমেরিকার প্রথম পেশাদার ও প্রশিক্ষিত নার্স হিসেবে ১৮৭৩ সালে বোস্টনের নিউইংল্যান্ড হসপিটাল ফর উইম্যান অ্যান্ড চিন্ড্রেন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ডে জাতীয় পর্যায়ে নার্সদের নিবন্ধিত করা হয়। ১২ সেপ্টেম্বর, ১৯০১ সালে নার্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট প্রণীত হয়। এলেন ডাফার্টি ছিলেন নিউজিল্যান্ডের প্রথম নিবন্ধিত নার্স। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে নর্থ ক্যারোলিনায় নার্সিং লাইসেন্স ১৯০৩ সালে গৃহীত হয়। ১৯৪৭ খ্রিস্টাব্দের আগে তদানীন্তন পূর্ব বাংলায় তিনটি জুনিয়র নার্সিং স্কুলে এদেশে নার্সিং প্রশিক্ষণ দেয়া হতো। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম সিনিয়র নার্সিং স্কুল চালু হয়। এদেশে নার্সিং শিক্ষার উন্নতির জন্য ১৯৪৯ সালে কয়েকজন নার্সকে সরকারিভাবে ইংল্যান্ডে পাঠানো হয়। ১৯৬০ সালে জুনিয়র নার্সিং স্কুলের বিলুপ্তি ঘটিয়ে পর্যায়ক্রমে ১৯৬২ থেকে ১৯৭০ সালের মধ্যে দেশের সরকারি ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র নার্সিং স্কুল প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ১৯৭১ সালের মধ্যে দেশের ১২টি জেলা সদর হাসপাতালে আরও ১২টি সিনিয়র নার্সিং স্কুল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশে নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় চারশত সরকারি ও বেসরকারি নার্সিং ইনস্টিটিউট ও কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। 


নার্সিং ইনস্টিটিউটগুলো Bangladesh Nursing and Midwifery Council দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এই কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। এর আগে ১৮৫২ সাল হতে এদেশে নার্সিং কার্যক্রম নিয়ন্ত্রিত হত তদানীন্তন পূর্ব পাকিস্তান নার্সিং কাউন্সিলের মাধ্যমে। ১৯৭০ সালে ঢাকায় নার্সিং মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নার্সিং মহাবিদ্যালয়টি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে। ২০০৮ সাল থেকে পুরাতন মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ৭টি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজ রূপান্তরিত করা হয়। ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং সায়েন্স কোর্সে চালু হয়, এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ এর শিক্ষার্থীরা ভর্তি হয়। বর্তমানে এই কোর্সগুলো পরিচালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনার আওতায়। বাংলাদেশ নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এইসব প্রতিষ্ঠান থেকে অধিভুক্তি প্রত্যাহার করে সকল বিএসসি নার্সিং শিক্ষা কার্যক্রম বাংলাদেশ নার্সিং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিতে পরিচালিত হতে পারবে। তখন নার্সিং শিক্ষা খাতের বৈপ্লবিক বিকাশ, পরিবর্তন ও আন্তর্জাতিক মান লাভ করবে বলে অনেক গবেষকগণ মনে করেন। 

প্রথমদিকে নার্সিংয়ে আসন খালি থাকলেও বর্তমানে মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের মতো তীব্র প্রতিযোগিতা হয়। দেশে সরকারিভাবে পেশাভিত্তিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, আরবি বিশ^বিদ্যালয়, গার্মেন্টস মেনুফ্যাকচারিং ইউনিভার্সিটি, স্কিল বেইজড ইউনিভার্সিটি, ইউনানী ইউনিভার্সিটি, ডিজিটাল ইউনিভার্সিটি,  সঙ্গীত ও সংস্কৃতি বিষয়ক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও বিশেষায়িত আরও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অথচ নার্সিং পেশার মত জনগুরুত্বপূর্ণ পেশায় সরকারি-বেসরকারিভাবে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। জনগণের সুচিকিৎসা, স্বাস্থ্য রক্ষা ও স্বাস্থ্য সেবার বিষয়টি সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। স্বাস্থ্য খাতে প্রতিবছর হাসপাতাল বাড়ছে, বাড়ছে শয্যা সংখ্যা ও ডাক্তার। পাশাপাশি প্রশিক্ষিত নার্সদের সংকট ও চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে চালুকৃত নার্সিং কলেজ থেকে উচ্চ শিক্ষিত পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত নার্স তৈরি করে চাহিদা পূরণ করতে পারছে না। আলোকিত নার্স  তৈরির কারিগর, ভালো প্রশিক্ষক, সুষ্ঠু ও যুগোপযোগী বাস্তবসম্মত সিলেবাস এবং অনুশীলনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। এ কারণে নার্স শিক্ষক, নার্স প্রশাসক এবং নার্স ব্যবস্থাপকের সংকট তীব্র হচ্ছে। এজন্য প্রফেশনাল নার্সিং ট্রেনিং, নার্সদের প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং ভাষাগত দক্ষতামূলক প্রশিক্ষণ চালু করতে হবে। তাছাড়া পাবলিক হেলথ নার্সিং, নার্সিংয়ে অনার্স, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি এবং এমফিল চালু করে দক্ষতা ও উচ্চতর শিক্ষার পথ প্রশস্থ করা সময়ের দাবি। আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে তাই করছে। ে পরিশেষে আমি মনে করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট নার্স গড়ে তোলার লক্ষ্য ‘বাংলাদেশ নার্সিং বিশ^বিদ্যালয়’ প্রতিষ্ঠা করা অতীব জরুরি। 

লেখক : আইনজীবী ও নির্বাহী পরিচালক, বিদ্যাভবন গবেষণা কেন্দ্র, ঢাকা।