খায়রুজ্জামান লিটন ও শাহরিয়ার আলমের পাল্টাপাল্টি বক্তব্য
রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার ‘কোনো কারণ নেই’ বলে দাবি করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)। হত্যাকাণ্ডের বিচার চেয়ে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেছেন, ‘মনে হচ্ছিল যেন এই লাশটির দরকার ছিল একটি রাজনৈতিক পক্ষের। যেটাকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো প্রতিপক্ষকে ঘায়েল করা যায়।
দুই পক্ষের সংঘর্ষে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় খায়রুজ্জামানের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (২৭ জুন) আশরাফুল ইসলামের জানাজায় বক্তব্য দেওয়ার সময় মামলায় মদদদাতা হিসেবে রাজশাহী-৩ (পবা-মোহন) আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দীনকেও আসামি করা হবে বলে মন্তব্য করেন শাহরিয়ার আলম।
এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে সিটি মেয়র খায়রুজ্জামান নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম একটি নিন্দনীয় ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কোনো কারণ নেই, যুক্তি নেই। এ ঘটনা খুবই কষ্টকর। আমরা ত্যাগী নেতাকে হারালাম। আমরা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বলেছেন, মামলা যদি করে তখনই জবাব দেব। এটা তার রাজনৈতিক স্টান্টবাজি। বাবুল আমার হাতে তৈরি কর্মী। বাবুল ত্যাগী নেতা। পুলিশ তদন্ত করুক। প্রকৃত খুনিদের মুখোশ উন্মোচিত হোক।
জানাজার আগে শাহরিয়ার আলমের বক্তব্যের সময় পেছনে দাঁড়িয়ে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার। তাঁকে হাত ধরে টেনে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করেছেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জানাজার স্থান থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নিহত আশরাফুল ইসলামকে শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়া ফুলের ডালা দিতে দেওয়া হয়নি। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ অপমানজনক কথা বলেছেন। অনিল কুমার সরকার বলেন, দলের ত্যাগী নেতা মারা গেছেন। সেখান থেকে বের করে দেওয়া শোভনীয় নয়। বিষয়টি তিনি দলকে জানাবেন।
প্রসঙ্গত ২২ জুন (শনিবার) বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে থানার ওসিসহ অন্তত ৫০ নেতা-কর্মী আহত হন। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় উপজেলা চত্বরের ভেতর থেকে আশরাফুল ইসলামকে উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ ছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেল মারা যান আশরাফুল ইসলাম। রাতেই ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় বাঘায়। পরে বৃহস্পতিবার জানাজা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মো. আবদুল ওয়াদুদ, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকাবাসী অংশ নেন।