বাংলা ব্লকেড: রেল যোগাযোগ বন্ধ
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীর আমতলীতে রেললাইন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১০ জুলাই) দুপুরে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে ঢাকা থেকে কোন ট্রেন ঢাকার বাইরে যেতে পারছে না। একইভাবে বাইরের কোনো ট্রেনও রাজধানীতে প্রবেশ করতে পারছে না।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীরা রেললাইল অবরোধ করেছেন। এজন্য ঢাকায় কোনো ট্রেন ঢুকতে বা বের হতে পারছে না। আমরা প্রস্তুত আছি। রেললাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল শুরু হবে।
ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা সাধারণ মানুষ।
কারওয়ান বাজার এলাকায় রেলপথের বাইরে থাকা স্লিপার তুলে রেললাইনের ওপর রাখা হয়েছে। জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের এমন আদেশকে ‘আন্দোলন দমানোর কৌশল’ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।
তারা বলেন, আন্দোলন দমানোর চেষ্টা না করে একটি কমিশন গঠন করে কোটা ইস্যুর স্থায়ী সমাধান করুন। এছাড়া ছাত্রসমাজ রাজপথ ছাড়বে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারজিস আলম জানান, আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন। স্থায়ী কোনো সমাধান দেননি। আমরা চাই সরকারের নির্বাহী বিভাগ একটি কমিশন গঠন করে কোটার যৌক্তিক সংস্কার করুক।
তিনি বলেন, আমরা বলেছি, সর্বোচ্চ পাঁচ শতাংশ পর্যন্ত কোটা থাকতে পারে। দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত সারা দেশে আন্দোলন চলবে।