একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে
একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘শিক্ষার্থীদের মূল দাবি সুরাহা হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এরপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পেশাজীবী, সংস্কৃতিসেবী থেকে শুরু করে সবার সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। পর্যায়ক্রমে তিনি সবার সঙ্গে মতবিনিময় করবেন।’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলা সহিংসতা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকার এরইমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। জাতিসংঘ তদন্তের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আমরাও তাদের স্বাগত জানিয়েছি। কে অপরাধী, কে অপরাধী নয়; প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর।’
কোনো শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে দায়িত্বশীলদের খেয়াল রাখতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।