কাজের বাইরে কোনো বিতর্কে থাকতে চাই না

Don't want to be in any controversy outside of work
অনলাইন ডেস্ক : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩২ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩২ পূর্বাহ্ন
কাজের বাইরে কোনো বিতর্কে থাকতে চাই না
অভিনেত্রী সোহানা সাবা - সংগৃহীত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী সোহানা সাবাকে নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা। সম্প্রতি এক গণমাধ্যমে ‘সোহানা সাবার দে-হব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস’ শিরোনামে এক ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়েছে। এরপর ইন্সটাগ্রাম এক পোস্ট দিয়ে এ নিউজটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে বলে দাবি করেছেন সোহানা সাবা।

পোস্টে সোহানা সাবা লিখেছেন, ‘দেশের একটি গণমাধ্যমের অনলাইন আমার বিরুদ্ধে আজ (৬ সেপ্টেম্বর) একটি (ইউটিউব এবং অনলাইন নিউজ) নিউজ করেছে যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, যাতে আমার সুনাম নষ্ট হয়। গত ২০ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনায় থাকতে চাই না। এ বছরের শুরুতে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল।‘

এ অভিনেত্রীর ভাষ্য, ‘আমি তখনই একটি জিডি করি, যেন ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ আর করার সাহস না পায়। সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং আমাকে ফোন করে কথা বলে। এখন দেখছি, সে আমার বিনা অনুমতিতে সেই কথোপকথনটি রেকর্ড করেছে, যা সম্পূর্ণ আইনের বাইরে।’

রেপুটেশন নষ্ট করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘একজন নারী হিসেবে আমি সে সময়ে আমার সম্মান বাঁচাতে যে কাজটি করেছি, সেটি এই অসময়ে এসে আমার বিরুদ্ধেই বানোয়াট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে একটি বিকৃত হেডলাইনের মাধ্যমেৃ।’

শেষাংশে সোহানা লিখেছেন, ‘আমি তাদেরকে শক্তভাবে বলতে চাই, আগামী দুই ঘণ্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন। না হলে আমি এই প্রমাণ নিয়ে আইনানুগ সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’

উল্লেখ্য, সোহানা সাবা ছোটবেলা থেকেই সংস্কৃতিমনস্ক পরিবেশে বড় হয়েছেন। তিনি নাচ, অভিনয় এবং অন্যান্য শিল্পকলায় পারদর্শিতা অর্জন করেছেন। তার অভিনয়ের প্রথম পরিচিতি টেলিভিশন নাটকের মাধ্যমে। ধীরে ধীরে তার অভিনয় দক্ষতা, মুখের অভিব্যক্তি এবং চরিত্রের গভীরতায় অনন্যতা তাকে দর্শকদের মাঝে পরিচিত করে তুলেছে।