মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় সাবেক মেম্বার সহ আহত ২
ইয়াবার শীর্ষ গডফাদার এবং তাদের হর্তাকর্তাদের গ্রেফতার এবং থেমে থেমে চলমান অভিযানের পরও কক্সবাজারের টেকনাফ সীমান্তে বন্ধ নেই ইয়াবা কারবার। সাম্প্রতিক আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না থাকার সুযোগ কাজে লাগিয়ে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে একশ্রেণির ইয়াবা কারবারি, চোরাচালানি, ভূমিদস্যু ও দখলবাজ সন্ত্রাসীরা।
কক্সবাজারের টেকনাফ সদরের ৫নং ওয়ার্ডের শান্ত জনপদ খোনকারপাড়া। এ এলাকায় একশ্রেণির অপরাধি মাথাচাড়া দিয়ে ওঠেছে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর মাগরিবের নামাজের পরপরই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করেছে সাবেক মেম্বার মৃত আবদুর রহমানের পুত্র আবদুল করিম ও হাজী আবদুর রহিমের পুত্র ইব্রাহিমকে। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে এলাকাবাসি প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার ঘটনায় অভিযুক্তরা হল মৃত আবদুস সালামের পুত্র মো: ছিদ্দিক, সিরাজুল ইসলামের পুত্র ইয়াসিন, নুরুল ইসলামের পুত্র নুরুল আবছার, মো: হোসেনের পুত্র মো: শফি, সৈয়দ উল্লাহ, মফিজুর রহমানের পুত্র নুরুল আমিন, মো: হোসেন, সিরাজুল ইসলামের পুত্র আবু কালাম, মৃত আবদুস সালামের পুত্র মো: সালাম, ছৈয়দুল ইসলাম ও তৈয়ব হোসেনের পুত্র কেফায়েত উল্লাহ।
হামলার শিকার এবং এলাকাবাসি জানান, স্থানীয় সাইক্লোন শেল্টারটি একসময় স্কুল থাকাকালে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে মাদকের আস্তানায় পরিনত হয়েছে। এখানে নিয়মিত মাদকের আসর বসায় এসব অপরাধীরা। তাদের সিন্ডিকেটের অনেকে ইয়াবা কারবারেও জড়িত। মাদকাসক্তদের আড্ডা এবং অপরিচ্ছন্ন পরিবেশ সবমিলে সাইক্লোন শেল্টারটি তার ঐতিহ্য হারিয়েছে। বৃহস্পতিবার এসব ঘটনায় প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে হামলার ঘটনা ঘটায়। এঘটনায় ব্যাপক মারধর করে রক্তাক্ত করা হয় সাবেক ইউপি মেম্বার সহ দুজনকে। টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলায় গুরুতর আহতরা ন্যায় বিচারে জেলা পুলিশ সুপার ও টেকনাফ থানা অফিসার ইনচার্জ (ওসি) সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছে।