সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য

Jamaat Ameer
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ২৭ ডিসেম্বর ২০২৪ ০৩:০৫ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ২৭ ডিসেম্বর ২০২৪ ০৩:০৫ অপরাহ্ন
সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর। সংগৃহীত ছবি

যশোরের ঈদগাহ মাঠে শুক্রবার সকালে অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।" তিনি দেশের মানুষের কাছে ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন এবং বলেছেন, "জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের পাশে চাই। দেশের কল্যাণে কাজ করার সুযোগ পেলে আমরা চির কৃতজ্ঞ থাকব।

ডা. শফিকুর রহমান সম্মেলনে আরও বলেন, "জামায়াত ইসলামী সেবা করার সুযোগ পেলে দেশে চাঁদাবাজি, দখলদারি ও ঘুষের অস্তিত্ব থাকবে না। ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের প্রশ্রয় না দিয়ে আমরা একটি আদর্শ জাতি গড়তে চাই।

তিনি দাবি করেন, "৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন এক ঐতিহাসিক অর্জন। এই অর্জনের নেতৃত্ব দিয়েছে দেশের নতুন প্রজন্ম।

যশোরের উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে তিনি বলেন, "ব্রিটিশ আমলের অন্যতম পুরোনো জেলা হওয়া সত্ত্বেও যশোর উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। এখানে পার্ক, মাঠ ও জলাধার গড়ে তোলার প্রয়োজন। যারা ক্ষমতায় যাওয়ার আগে মানুষের কাছে নত হয়, ক্ষমতায় গিয়ে তাদের ভুলে যায়।

ডা. শফিকুর রহমান দাবি করেন, "আওয়ামী লীগ সরকার এবং তার সহযোগীরা ব্যাংকিং খাতকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। সিন্ডিকেট ভাঙতে না পারায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত। তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, "চাঁদাবাজি, দখলদারি, ও ঘুষে কোনো নেতাকর্মী যুক্ত হলে তা শহিদদের রক্তের সঙ্গে বেইমানি হবে। এসব কাজ বন্ধ করতে হবে।

জামায়াতের আমির সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে বলেন, "দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। সবার সাংবিধানিক অধিকার সমান। আওয়ামী লীগ সংখ্যালঘুদের অধিকারে সবচেয়ে বেশি হস্তক্ষেপ করেছে। আমরা সবসময় নিরপেক্ষ তদন্তের পক্ষে।

নারীর অধিকার বিষয়ে তিনি বলেন, "জামায়াত নারীদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করে। আমরা তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, মুহাদ্দিস আবদুল খালেক, ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আযম, সাতক্ষীরা জেলা আমির শহিদুল ইসলাম মুকুল, মাগুরা জেলা আমির এম বি বাকেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।