আজীবন সম্মাননা পেলেন তিন ফেরদৌস,আনোয়ারা ও ফেরদৌস আরা
পপ গানের সম্রাট কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম ও নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবি সংগঠন ‘পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন’ তাদেরকে ওই সম্মাননা প্রদান করে।
একই সাথে সংগঠনটি দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের গণস্বাস্হ্য হোমিও বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড ও সনদ প্রদান করে।
এ উপলক্ষে শনিবার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যাক্তিত্ব, উদ্যোক্তা ও সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যানের মো. মনিরুজ্জামান অপূর্ব’র সভপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সংগীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, টুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম ।
অনুষ্ঠানে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম, পপ গানের সম্রাট কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরীর মধ্যে রাহাত সাইফুল ( শ্রেষ্ঠ কালচারাল রিপোর্টার),গাজী আনিস ( শ্রেষ্ঠ লাইফ স্টাইল সাংবাদিক), আনিকা কবির শখ (শ্রেষ্ঠ মডেল এবং অভিনেত্রী), রুমানা ইসলাম মুক্তি ( টিভি মডেল এবং ফিল্ম অভিনেত্রী), ইভান শাহরিয়ার সোহাগ (শ্রেষ্ঠ নৃত্য কোরিওগ্রাফার), গৌতম সাহা (শ্রেষ্ঠ ফ্যাশন কোরিওগ্রাফার), প্রার্থনা ফারদিন দীঘি (ফিল্ম অভিনেত্রী), আরেফিন জিলানী (টিভি অভিনেতা), রুনা খান (শ্রেষ্ঠ ফিল্ম অভিনেত্রী),তানহা তাসনিয়া (টিভি এবং ফিল্ম অভিনেত্রী) সাজিয়া আফরিন (বিউটিশিয়ান), উম্মে হালিমা সাবরুন জামিলি( শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা), ছোয়া ইসলাম (নারী উদ্যোক্তা) সহ আর বিভিন্ন সেক্টরে কাজ করা আলোকিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয় ।
অ্যাওয়ার্ড প্রদানের পূর্বে বক্তব্যে চেয়ারম্যান মনিরুজ্জান অপূর্ব বলেন, আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর। আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি যা এখনও কার্যক্রম চলমান। ঢাকা সহ ৬৪ জেলা এবং উপজেলা গুলোতে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের ছেড়ে দেই না,সব সময় তাদের খবরা-খবর রাখি।