সরকার পাঁচ মাসে ৯০ শতাংশ সফল
অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসের কার্যক্রমের পর দেশ এখন অনেকটাই স্থিতিশীল এবং আইনশৃঙ্খলার পরিস্থিতিও উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই সময়ে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফলভাবে দেশ পরিচালনা করেছে।
একটি অনলাইন মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দেশের অশান্ত সময়টি কাটিয়ে উঠেছি এবং বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ। অর্থনীতির গতিও সচল হয়েছে এবং আমলাতন্ত্রে স্থিতিশীলতা ফিরেছে, যদিও কিছু কিছু জায়গায় উত্তেজনা রয়েছে। তবে, গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকারকে আমি শতকরা ৯০ ভাগ সফল মনে করি।
অর্থনীতির উন্নতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রপ্তানির দিকে তাকালে, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। সেপ্টেম্বরে ৭ শতাংশ, অক্টোবরে ২১ শতাংশ, এবং নভেম্বরে ১৬ শতাংশ রপ্তানি বেড়েছে। আমরা আশা করছি, ডিসেম্বরের শেষে আরো ভালো প্রবৃদ্ধি হবে।
আইনশৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমরা আরও উন্নতি চাই, তবে বর্তমানে পরিস্থিতি সন্তোষজনক। আমরা চাই অপরাধ কমে যাক, এবং এর জন্য আমরা কাজ করে যাচ্ছি।
নির্বাচন বিষয়ক প্রশ্নে তিনি জানান, অন্তর্বর্তী সরকার দুটো সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। যদি শুধুমাত্র কিছু সংস্কার করা হয়, তবে নির্বাচনের সময় ডিসেম্বর হতে পারে, কিন্তু আরও বড় সংস্কারের জন্য সময় ছয় মাস পিছিয়ে যেতে পারে, বলেন তিনি।
শফিকুল আলম আরও জানান, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার আসলে আরও সংস্কার এগিয়ে নেবে, তবে এখনকার প্রধান কাজ হল একটি সুষ্ঠু, অবাধ, এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।তিনি জানান, ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যাদের নেতৃত্বে রয়েছে অধ্যাপক ইউনূস।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন মতামত থাকবেই, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। রাজনৈতিক বিভেদ ও বক্তৃতায় একে অপরকে আক্রমণ বিশ্বজুড়েই ঘটে, পশ্চিমা দেশগুলোতেও এটা অনেক বেশি প্রচলিত।
শফিকুল আলম বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ঘোষণাপত্র ৩১ ডিসেম্বর প্রকাশ না হওয়ার বিষয়েও মন্তব্য করেন। তিনি জানান, আমরা চাই প্রতিটি রাজনৈতিক দল একসঙ্গে একটি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছে একটি ঘোষণাপত্র তৈরি করুক, যেখানে ড. ইউনূসও থাকবেন।