এক ইনিংসেই ৪০৪ রান, ভেঙে দিলেন ২৪ বছরের পুরাতন রেকর্ড

404 runs in one innings
অনলাইন ডেস্ক ১৫ জানুয়ারি ২০২৪ ১১:৫৭ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৫ জানুয়ারি ২০২৪ ১১:৫৭ অপরাহ্ন
এক ইনিংসেই ৪০৪ রান,  ভেঙে দিলেন ২৪ বছরের পুরাতন রেকর্ড

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার। ইংলিশদের বিপক্ষে তার ৪০০ রান মহাকাব্যিক ইনিংস আজও ইতিহাসের সেরার পাতায়। তার আগে পরে আর কেউই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ রানের এই মাইলফলক স্পর্শ করতে পারেনি। 

তবে ঘরোয়া ক্রিকেটে এবার দেখা গেল ৪০০ রানের ইনিংস। ভারতের প্রখর চতুর্বেদী খেললেন অপরাজিত ৪০৪ রানের ইনিংস। আর তারই সুবাদে ভেঙে দিলেন যুবরাজ সিংয়ের ২৪ বছরের পুরোনো রেকর্ড। বিহার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে যুবরাজ ১৯৯৯ সালের ডিসেম্বরে পাঞ্জাব অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩৫৮ রান করেছিলেন। এটিই ছিল এতদিন এই পর্যায়ে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। 

এরপর ২০১১ সালে মহারাষ্ট্রের বিজয় জোল অসমের বিরুদ্ধে অপরাজিত ৪৫১ রান করেছিলেন। কিন্তু, সেটা ফাইনাল ম্যাচ ছিল না। এবার ফাইনালেও দেখা গেল ৪০০ রানের ম্যারাথন ইনিংস। 

কোচবিহার ট্রফির ফাইনালে মুম্বাইয়ের বিরুদ্ধে অপরাজিত ৪০৪ রান করেছেন কর্ণাটকের প্রখর চতুর্বেদী । এই প্রথম কোনও খেলোয়াড় কোনও একটি ম্যাচের ফাইনালে ৪০০ রান করলেন। প্রখর ভেঙে দিলেন যুবরাজ সিংয়ের ২৪ বছরের পুরোনো রেকর্ড। 

সোমবার চতুর্বেদীর অপরাজিত ৪০৪ রান এসেছে ৬৩৮ বলে। স্ট্রাইক রেট ৬৩.৩২। শিমোগায় ‘দ্য কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA/কেএসসিএ)-এর নাভিলে স্টেডিয়ামে প্রখর এই রেকর্ড গড়লেন। 

ম্যারাথন এই ইনিংসে রয়েছে ৪৬টি চার এবং ৩টি ছক্কা। কর্ণাটক টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল। তারা আট উইকেট হারিয়ে ডিক্লেয়ার দেওয়ার আগে ২২৩ ওভারে ৮৯০ রান তুলেছে। মুম্বইকে মাত্র ৩৮০ রানে গুটিয়ে দিয়ে কর্ণাটক ৫১০ রানের লিড নিয়েছে। সেখানেই প্রখর করেছেন ৪০৪ রান। 

চতুর্বেদী সবচেয়ে বেশি রান তুলেছেন মনন ভাটের বিরুদ্ধে। মননের বোলিংয়ে ৯৭ রান করেছেন। আকাশ পাওয়ারের বোলিংয়ে করেছেন ৭৯ রান। প্রেম দেবকরের বোলিং থেকে করেছেন ৫৮ রান।