মানুষের গলার কাঁটা হয়ে থাকল ১১৪ কিলোমিটার রেলপথ
যমুনায় আলাদা রেলসেতু খুলে গেছে। এখন আর যমুনা সেতুতে উঠে ট্রেনকে ধীরগতিতে চলতে হবে না। আলাদা রেলসেতুতে গতি নিয়েই ছুটবে ট্রেন। যাতায়াতে এই গতি এলেও উত্তরাঞ্চলের মানুষের গলার কাঁটা হয়ে থাকল ১১৪ কিলোমিটার রেলপথ। এই রেলপথটি এখনও সিঙ্গেল লাইন।
এই রেলপথটি ডাবল লাইন না করা পর্যন্ত পাসিংয়ের জন্য স্টেশনে ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হবে। তাছাড়া রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত রেলপথটি ব্রডগেজ বলে চট্টগ্রামের মিটারগেজ ট্রেন ঢুকতে পারবে না। এই ১১৪ কিলোমিটার রেলপথকে ডাবল লাইনে উন্নীত করা হলে এ সমস্যা দূর হবে। দীর্ঘদিন ধরেই রেলপথটিকে ডাবল লাইন করার দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে যমুনার রেলসেতু পর্যন্ত রেলপথের দূরত্ব ১৩৪ কিলোমিটার। এরমধ্যে নাটোরের আব্দুলপুর জংশন থেকে ঈশ্বরদী পর্যন্ত ২০ কিলোমিটার রেলপথ ডাবল লাইন। আর ঈশ্বরদী থেকে রেলসেতু পর্যন্ত ৭১ কিলোমিটার এবং রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত ৪৩ কিলোমিটার রেলপথ সিঙ্গেল লাইন। এই ১১৪ কিলোমিটারে ট্রেন পাসিংয়ের জন্য দাঁড়াবে।
এদিকে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেললাইনটিকে ডাবল লাইনে উন্নীত করতে রেলওয়ের একটি প্রকল্প আছে। তবে কাজ চলছে না। আর আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত রেললাইনটিকে ডাবল লাইনে উন্নীত করতে এ পর্যন্ত কোনো প্রকল্পই গ্রহণ করা সম্ভব হয়নি।
যমুনা সেতুতে ওঠার আগে আগে ট্রেনকে থামতে হতো। বিপরীত দিক থেকে আসা ট্রেন পাসিং না হওয়া পর্যন্ত ট্রেনটিকে অপেক্ষা করতে হতো। এভাবে ৩০ থেকে ৪০ মিনিটও কেটে যেত। নতুন সেতুর কারণে এ অপেক্ষা থাকবে না। তবে সিংগেল লাইনের জন্য ভোগাবে ১১৪ কিলোমিটার রেলপথ। এ রুটে চলাচলকারী যাত্রীরা জানান, রাজশাহী থেকে ঢাকা যাতায়াতে ১০ থেকে ১২টি স্টেশনে পাসিংয়ের কারণে থামতে হয়। ১০ থেকে ১৫ মিনিট সময় যায় প্রতিটি স্টেশনে। এই রেলপথ ডাবল লাইন না হওয়া পর্যন্ত বাড়তি সময়টা লাগবেই।
সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, যমুনায় আলাদা রেলসেতু হলো। এটার পূর্বেই রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত রেলপথ ডাবল লাইন না করে রাজশাহীর মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। যতদিন পর্যন্ত রাজশাহী থেকে রেলসেতু পর্যন্ত পুরো রেলপথটিই ডাবল লাইনে উন্নীত না হবে, ততদিন সুফল মিলবে না।
তিনি বলেন, এটা করতে খুব একটা অর্থ ব্যয় হতো না। যমুনা রেলসেতু প্রকল্পের সঙ্গেই এই রেলপথটুকু ডাবল লাইন করার কাজটা নেওয়া যেত। তাহলে ট্রেনকে পাসিংয়ের জন্য কোথাও থামতে হতো না। এটা আমাদের স্বপ্ন ছিল। সেটা বৃথা গেল, আমরা আশাহত হয়েছি।
যমুনা নদীর ওপর যমুনা বহুমুখী সেতু চালু হয় ১৯৯৮ সালে। এর মাধ্যমে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল ও সড়ক যোগাযোগ স্থাপিত হয়। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। ফলে দুর্ভোগে পড়তে হয় ট্রেন যাত্রীদের। এই সমস্যার সমাধানে সেতুটির ৩০০ মিটার অদূরে নির্মাণ করা হয়েছে দেশের দীর্ঘতম যমুনা রেলসেতু।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার যমুনা ওপর নির্মিত নতুন রেলসেতু খুলে দেওয়া হয়েছে। সেতুর ওপরের দুটি লাইনের মধ্যে উত্তরের লাইন দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। বুধবার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ২০ মিনিটে সেতু অতিক্রম করে। পরে ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারি এক্সপ্রেস নতুন এই রেলসেতু অতিক্রম করে। নতুন রেলসেতু খুলে দেওয়ায় যমুনা বহুমুখী সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ নতুন রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে। সেদিন থেকে দুটি লাইনেই চলবে ট্রেন।
নতুন সেতুকে ঘিরে উত্তরের মানুষের স্বপ্ন বেড়েছে অনেকগুণ। পণ্য পরিবহন হবে, এই অঞ্চলে বাড়বে শিল্পের বিনিয়োগ, একইসাথে রাজশাহী থেকে কনটেইনার ট্রেন চলবে চট্টগ্রাম বন্দর পর্যন্ত। পাশাপাশি কক্সবাজার পর্যন্ত এক্সপ্রেস ট্রেনের প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। তবে বাস্তবতা ভিন্ন। এ পথে পশ্চিমাঞ্চলের ৬৬টি ট্রেনকে পাসিং করতে গতি হারায় ট্রেন, নষ্ট হয় সময়। তাতে বাণিজ্যিক সুবিধা খুব বেশি হবে না বলছেন ব্যবসায়ীরা।
চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর দিয়ে পাথরসহ নানা পণ্য আমদানি করে মেসার্স আরিশা ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, ‘আগে যেটা হতো তা হলো, রহনপুর থেকে পণ্যবাহী ট্রেন ঢুকে যমুনা বহুমুখী সেতুর পশ্চিমে থেমে যেত এবং মালামাল ট্রেন থেকে নামিয়ে ট্রাকে করে পাঠাতে হতো। নতুন সেতুর কারণে সেটা করা লাগবে না। কিন্তু ট্রেন পাসিংয়ের সময়টা ঠিকই আগের মতোই নষ্ট হবে। এ জন্য রেলপথটা ডাবল লাইন করা উচিত।’
তিনি বলেন, রাজশাহী থেকে ট্রেন চাঁপাইনবাবগঞ্জের আমনুরা বাইপাসে এসে রেলপথ দুইদিকে গেছে। একটি গেছে চাঁপাইনবাবগঞ্জ শহরে, অন্যটি রহনপুরে। রহনপুরের লাইনটি দিয়েই ভারতীয় পণ্য আসে। চাঁপাইনবাবগঞ্জ কিংবা রহনপুর পর্যন্ত সিঙ্গেল লাইন হলেও খুব একটা সমস্যা হয় না। কিন্তু রাজশাহী পার হওয়ার পর থেকেই পাসিংয়ের জন্য সময় নষ্ট হয়।
রাজশাহীর রহমান জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বলেন, জুট মিলের যে প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করি সেটা রাজশাহী থেকে একেবারে চট্টগ্রাম পোর্ট পর্যন্ত পৌঁছাতে হয়। স্টেশন থেকে আবার পরে পোর্টে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে কেরিং খরচ ডাবল হেয় যাবে। সেজন্য পরিবহনের ক্ষেত্রে রেলসেতু আমাদের খুব একটা লাভ হবে না যতদিন না ডাবল লাইন হচ্ছে। ডাবল লাইন হলে মিটারগেজ ট্রেন চলতে পারবে। তখন রাজশাহীর সঙ্গে সরাসরি চট্টগ্রাম বা অন্য সব অঞ্চলের যোগাযোগ স্থাপিত হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, নতুন রেলসেতুর ফলে সেতুর ওপর আর ট্রেনকে ধীরগতিতে চলতে হবে না। সময় অনেকখানি সাশ্রয় হবে। তাছাড়া সেতুটি ডাবল লাইনে করা হয়েছে। একইসাথে দুটি ট্রেন পারাপার হতে পারবে। ঈশ্বরদী থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথ ডাবল লাইন হয়ে গেলে সমস্যা অনেকখানি কেটে যাবে। রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত রেলপথটি ডাবল লাইন করতে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে।
সূএ : উওরভূমি