৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করা হবে
আনসার ভিডিপির কক্সবাজার জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপি চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে গতকাল শহীদ সুভাষ মিলনায়তনে আয়োজিত জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বিএএম, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন ড. মোঃ সাইফুর রহমান (উপমহাপরিচালক, চট্টগ্রাম রেঞ্জ), অতিরিক্ত জেলা প্রশাসক (কক্সবাজার), অধিনায়ক (র্যাব-১৫), সহকারী পুলিশ সুপার (কক্সবাজার), কর্নেল জিএস (ডিজিএফআই), রিজিয়ন কমান্ডার (বিজিবি), জেলা কমান্ড্যান্ট (কক্সবাজার) আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএম সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ভিডিপির সদস্যগণ।
আনসার ভিডিপি জেলা কার্যালয়ে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। প্রধান অতিথির বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়। এরপর বৃক্ষরোপণ, মতবিনিময় সভা, ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদকের অপব্যবহার রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণী, ভাতা বিতরণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহাপরিচালক কক্সবাজার জেলা সমাবেশে তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত বাহিনী, যা মূলত যুব সমাজকে কেন্দ্র করে পরিচালিত হয়। যুবসমাজ আমাদের দেশের সবচেয়ে বড় নিয়ামক শক্তি। তারুণ্যের এই শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি আমাদের একান্ত কাম্য।
তিনি আরোও বলেন, দেশব্যাপি তৃণমূল পর্যায়ের বেকার তরুণ-তরুণীদের যুগোপযোগী ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আনসার ভিডিপির সমৃদ্ধির ছায়াতলে নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে। সেই সাথে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দেশে ও বিদেশে দক্ষ মানব সম্পদ হিসেবে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাহিনীর সকল সদস্যেকে একই ডাটাবেজের আওতায় নিয়ে আসা হয়েছে। বাহিনীর পক্ষ হতে স্বাস্থ্যখাতে প্রত্যন্ত অঞ্চলের সদস্যদের যুক্ত করার জন্য অনলাইন স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হচ্ছে।
মহাপরিচালক জেলা সমাবেশ এর পাশাপাশি সকল সদস্যকে সাপ্তাহিক ও মাসিক উঠান বৈঠক ও অন্যান্য সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সকলকে এক হয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন। গতানুগতিক চাকরির পেছনে না ছুটে আনসার ভিডিপির মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য যে, কক্সবাজার জেলার পাশাপাশি গাজীপুর, মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, নাটোর, নোয়াখালী জেলায় জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।