‘তারুণ্যের উৎসবে উল্লাসে হকি’ টুর্নামেন্টের উদ্বোধন

Hockey tournament
বিজয় বাংলা ০৩ মার্চ ২০২৫ ০৮:১২ অপরাহ্ন খেলা
বিজয় বাংলা ০৩ মার্চ ২০২৫ ০৮:১২ অপরাহ্ন
‘তারুণ্যের উৎসবে উল্লাসে হকি’ টুর্নামেন্টের উদ্বোধন
হকি টুর্নামেন্ট ও তরুণ প্লেয়ারদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে রাজশাহী বৈকালী সংঘ।

ফেডারেশনের উদাসীনতায় টার্ফ ও প্লেয়ার স্বল্পতায় ধুকছে হকি। এক সময়ের তুমুল জনপ্রিয় খেলাটি টুর্নামেন্ট আয়োজনে স্পন্সরদের মুখ ফিরিয়ে নেওয়াসহ নানা প্রতিকূল সময় পার করছে। ঠিক এই সময়ে এসে ধারাবাহিক হকি টুর্নামেন্ট ও তরুণ প্লেয়ারদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে রাজশাহী বৈকালী সংঘ।

এই ক্লাব তাদের সাবেক, বর্তমান, জাতীয় দলের খেলোয়াড়, কোচ ও ক্রীড়াপ্রেমিদের সমন্বয়ে ক্ষুদ্র স্পন্সর দিয়ে ধরে রেখেছে মাঠের এই খেলা। এর অংশ হিসেবে সোমবার (৩ মার্চ) বিকেলে রাজশাহীর কালেক্টরেট মাঠে ‘তারুণ্যের উৎসবে উল্লাসে হকি’ প্রতিপাদ্যে একটি টুর্নামেন্টের আয়োজন করেছে।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, রাজশাহী সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সদস্য সচিব (হকি ও সাতার) সালাউদ্দিন রতন, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু প্রমুখ।

এ সময় রাজশাহী জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার বলেন, ক্রিকেট খেলার মতো হকি খেলারও জনপ্রিয়তা রয়েছে। তবে ক্রীড়াঙ্গনে হকি খেলার অগ্রগতির জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। কারণ, এখানে যারা খেলা শিখতে আসে তারা অতি দরিদ্র পরিবার থেকে অনেক স্বপ্ন নিয়ে আসে। সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। 

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তাদের হকি খেলার যে দক্ষতা সেটিকে আরো অনুপ্রাণিত করতে হবে, যাতে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তারা খেলতে পারে এবং দেশের ক্রীড়াঙ্গনে বড় ভূমিকা রাখতে পারে।

রাজশাহীর ৭টি দলের প্রায় অর্ধশতাধিক তরুণ খেলোয়াড়ের অংশগ্রহণে ঘাসযুক্ত কৃত্রিম টার্ফে উদ্বোধন শেষে ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।