মেসি গুরুত্বপূর্ণ ২ ম্যাচ খেলতে পারবেন না
আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মিয়ামির ২-১ ব্যবধানে জেতা ম্যাচে দুর্দান্ত একটি গোল করার পর লিওনেল মেসি মাংসপেশিতে ব্যথা অনুভব করেন। এমআরআইতে ধরা পড়ে তার ইনজুরি। ফলে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
দুই লাতিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের জন্য সোমবার দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ২৬ সদস্যের দলে নেই মেসি। মেসি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরও ছয় ফুটবলারও মূল স্কোয়াডে নেই।
এই তালিকায় আছেন গনজালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লোসেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচভেরি ও পাওলো দিবালা।
বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে সংগ্রহ ২৫ পয়েন্ট। শনিবার ভোর সাড়ে ৫টায় তারা মুখোমুখি হবে উরুগুয়ের। ২৫ মার্চ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। মেসির মতো একইভাবে পেশির ইনজুরিতে পড়েছেন নেইমার। তিনিও থাকছেন না মহারণে।
বাংলাদেশ সময় সোমবার সকালে আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে মিয়ামি। ২০ মিনিটে জাদুকরী এক গোলে ম্যাচে সমতা আনেন আর্জেন্টাইন মহাতারকা। প্রতিপক্ষের রক্ষণে একজন ব্যাকপাস দিতেই ছুটে গিয়ে বল কেড়ে নিয়ে মেসি উল্কার গতিতে ঢুকে পড়েন বক্সে।
বাধা দিতে আসা ডিফেন্ডারকে কাটিয়ে আগুয়ান গোলকিপারের মাথার ওপর দর্শনীয় চিপে বল জালে জড়ান মেসি। চোট কাটিয়ে ফেরার পর দুই ম্যাচে দারুণ দুটি গোল করলেন মেসি। মিয়ামি অবশ্য জিতেছে বদলি হিসাবে নামা ফাফা পিকাল্টের ৮৯ মিনিটের গোলে।
সূত্র: যুগান্তর